এসিড নিক্ষেপ নিয়ে কেশবপুরে পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার সরসকাটি গ্রামে গত শনিবার গভীর রাতে ফরিদা পারভীন (৫০) নামের এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সাজানো বলে পাল্টা অভিযোগ করেছে প্রতিপক্ষ। আহত ফরিদাকে গতকাল রোববার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।আহত ফরিদার অভিযোগ, শনিবার গভীর রাতে তিনি ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকার সময় শাহপুর গ্রামের উজির আলীর নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল বাড়িতে এসে ৮০ হাজার টাকা ও গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং তার গায়ে এসিড ছুড়ে পালিয়ে যায়।অভিযোগ অস্বীকার করে উজির আলী বলেন, ‘ফরিদার ছেলে জসিম কয়েক দিন আগে আমার ভাগনিকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন করে। ভাগনি তাদের কবল থেকে পালিয়ে আসার পর যশোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে জসীম ও তার ভাই জাহাঙ্গীরকে আসামি করে মামলা করা হয়। সেই মামলা ধামাচাপা দিতেই এসিড-সন্ত্রাসের নাটক সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি একটি সাজানো ঘটনা। জসীমের বিরুদ্ধে করা নারী নির্যাতন মামলা ধামাচাপা দিতেই এসিড নিক্ষেপের ঘটনা সাজিয়ে মামলা করার চেষ্টা চালানো হচ্ছে।’অভিযোগ অস্বীকার করে জসীমের ভাই রুহুল কুদ্দুস বলেন, ‘জসীম কাউকে অপহরণ করেনি। আর নিজের মাকে এসিডে ঝলসে নাটক সাজানোর কোনো প্রশ্নই আসে না।’ফরিদার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক আবদুর রহিম মোড়ল প্রথম আলোকে বলেন, ‘ফরিদার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এটি এসিডে ঝলসানো কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ‘কেমিক্যাল বার্ন’ (রাসায়নিক পদার্থে ঝলসানো) হয়েছে।’