এসিড নিক্ষেপের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা
সাতক্ষীরা শহরের রসুলপুর পুলিশ লাইনের সামনে এক ব্যক্তি তাঁর স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তালাকনামা গ্রহণ না করায় কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে স্বামী লিটন হোসেন এসিড ছুড়ে তাঁর শরীর ঝলসে দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্ত্রী মনজিলা খাতুন (২০)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা দায়েরের ঘটনা নিশ্চিত করেছেন। মনজিলা খাতুন অভিযোগ করেন, গত শনিবার সন্ধ্যার আগে স্বামী লিটন তাঁর মোবাইলে ফোন করে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলেন। এ কথা শুনে মনজিলা বাড়িতে কাউকে না বলে পুলিশ লাইনের সামনে গিয়ে দাঁড়ান। সেখান থেকে একটি রিকশা নিয়ে তাঁরা স্বামী-স্ত্রী মিলে প্রায় দুই ঘণ্টা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। রাত নয়টার দিকে ফিরে তাঁকে পুলিশ লাইনের সামনে রিকশা থেকে নামিয়ে দিয়ে বাড়ি যেতে বলেন লিটন। তিনি হাঁটা শুরু করা মাত্রই পেছন থেকে এসে লিটন তাঁর মুখে এসিড ছুড়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।মনজিলার মা রোকেয়া বেগম জানান, নয় মাস আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু এ বিয়ে মনজিলার শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয়নি। তাঁকে মারধর করা হতো। এমনকি লিটন তাঁকে কুপিয়ে জখমও করেছিলেন। এ ঘটনায় মনজিলা বাদী হয়ে তালা থানায় মামলা করেন। এর পর থেকে মনজিলা বাবার বাড়িতে থাকতেন। এপ্রিলের শেষের দিকে লিটন প্রভাব খাটিয়ে ওই মামলা থেকে অব্যাহতি পান। গত মে মাসে তিনি আদালতের মাধ্যমে তালাকনামা পাঠালে মনজিলা তা গ্রহণ করেননি। শনিবার মোবাইল ফোনে তাঁর মেয়েকে ডেকে নিয়ে এসিড ছুড়ে মারেন।সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎ সক আবুল কালাম আজাদ জানান, মনজিলার শরীরে কী ধরনের দাহ্য পদার্থ দিয়ে দগ্ধ করা হয়েছে তা পরীক্ষা না করে বলা যাবে না। তবে তাঁর মুখমণ্ডলের বাঁ পাশ ও বুকে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাঁকে ঢাকা এসিড সারভাইভরস ফাউন্ডেশনে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী খান এসিড নিক্ষেপে এক গৃহবধূর শরীর ঝলসে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে মনজিলার মা রোকেয়া বেগম বাদী হয়ে লিটন হোসেনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।