এসিড নিক্ষেপের দায়ে তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের গৃহবধূ মঞ্জুয়ারাকে (২২) এসিড নিক্ষেপের দায়ে একই পরিবারের তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জেলা ও দায়রা জজ এ টি এম গোলাম কিবরিয়া গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বড় গোবিন্দপুর গ্রামের দুই ভাই ফুল মিয়া ও বদি মিয়া এবং ফুল মিয়ার স্ত্রী সাহেরা বেগম। গতকালই তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে মামলা পরিচালনার জন্য মঞ্জুয়ারাকে সহায়তা দেওয়া হয়। তাঁকে আইনি সহায়তা দেন আইনজীবী আনিস মোস্তফা। তিনি বলেন, ‘এসিডদগ্ধ মঞ্জুয়ারা মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন। প্রথম আলো তাঁর পাশে দাঁড়িয়েছে। তিনি ন্যায্য বিচার পেয়েছেন।’মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মঞ্জুয়ারার স্বামী আবদুল মজিদের সঙ্গে গরু বেচাকেনা নিয়ে একই গ্রামের ফুল মিয়ার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে মঞ্জুয়ারা এসিড-সন্ত্রাসের শিকার হন। তিনি ২০০৫ সালের ২৫ মে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা ফুল মিয়া ও তাঁর সহযোগীরা তাঁকে লক্ষ্য করে এসিড ছোড়েন। এতে তাঁর গলা ও বুকের একাংশ ঝলসে যায়। এই ঘটনায় মঞ্জুয়ারার স্বামী বাদী হয়ে ফুল মিয়াসহ তিনজনকে আসামি করে এসিড অপরাধ দমন আইনে থানায় মামলা করেন।গতকাল রায় শোনার পর আদালত চত্বরে মঞ্জুয়ারা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘মামলা চালব্যার যায়া হামাগরে সবকিচু চলি গেচে। মামলার খরচ জোগান দূরের কতা, দুই ব্যালা খাবার বুদ্ধি আচিল না। তকন পোত্তম আলোত থাকি মামলা চলাচে। হামরা আজক্যা ন্যায্য বিচার পাচি।’ মঞ্জুয়ারার স্বামী আবদুল মজিদ বলেন, ‘রায় পেয়ে আমরা খুশি। তবে মামলা দায়েরের পর থেকে আসামিদের লোকজন আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা পালিয়ে বেড়াচ্ছি।’প্রসঙ্গত, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর প্রথম আলো নারীদের জন্য এসিড সহায়ক তহবিল থেকে মঞ্জুয়ারাকে একটি রিকশা দেওয়া হয়।