এসিড নিয়ন্ত্রণ কমিটির সভা হয় না আট মাস
জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল, গাইবান্ধা জেলা কমিটির নিয়মিত সভা সাত-আট মাস ধরে হচ্ছে না। অনেকে কমিটির সদস্য কি না, তা-ই জানেন না। কমিটির তহবিলও শূন্য। এসিডদগ্ধদের সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ রয়েছে।জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এসিডসন্ত্রাস নিয়ন্ত্রণে গাইবান্ধায় সাত সদস্যের একটি কমিটি রয়েছে। জেলা প্রশাসক এর সভাপতি ও সদস্যসচিব পুলিশ সুপার। কমিটির অন্য সদস্যরা হলেন—সিভিল সার্জন, পৌর মেয়র, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও ব্র্যাক প্রতিনিধি। নিয়মানুযায়ী, দুই মাস পর পর জেলা কমিটির সভা হওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সভা হচ্ছে না। এতে বিচারাধীন এসিড মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা, মামলা পরিচালনায় জটিলতা নিরসন, এসিডদগ্ধদের আর্থিক সহায়তা ও চিকিৎসা দেওয়ার বিষয়ে কোনো আলোচনা বা সমাধান হচ্ছে না।জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, শুধু এসিডদগ্ধ কেউ সাহায্যের আবেদন করলে কমিটির সভা ডাকা হতো। কিন্তু গত সাত-আট মাস ধরে কোনো সভা হচ্ছে না।কমিটির সদস্য গাইবান্ধা পৌরসভার মেয়র শামছুল আলম বলেন, ‘সভায় আমাকে ডাকা তো দূরের কথা, আমি কমিটির সদস্য কি না, তা-ই জানি না। অথচ মেয়র নির্বাচিত হওয়ার এক বছর অতিবাহিত হচ্ছে।’ অন্য সদস্য গাইবান্ধা ব্র্যাকের মানবাধিকার ও আইনসহায়তা কর্মসূচির আইনজীবী মাসুদ রানা বলেন, ‘গত দুই বছর ধরে গাইবান্ধা ব্র্যাকে কর্মরত আছি। কিন্তু কমিটির কোনো সভার চিঠি পাইনি।’এসিড নিয়ন্ত্রণ জেলা কমিটি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৯ সালে কমিটির তহবিলে এক লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। এসিডদগ্ধদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গত বছর ৩০ জুনের মধ্যে খরচ করা সম্ভব না হওয়ায় বাকি ১৬ হাজার টাকা ফেরত পাঠানো হয়েছে।জেলা প্রশাসক জানান, কমিটির তহবিলে টাকা না থাকায় এসিডদগ্ধদের সহায়তা দেওয়া যাচ্ছে না। অর্থ বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ মিলছে না।বেসরকারি সংস্থা ব্র্যাকের এক পরিসংখ্যান জানিয়েছে, গত আট বছরে জেলার সাতটি উপজেলায় ৭০ জন নারী-পুরুষ এসিডদগ্ধ হয়েছেন। এ নিয়ে আদালতে ১৯টি মামলা হয়েছে। এর মধ্যে একটির রায় হয়েছে। বাকিগুলো বিচারাধীন।সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের এসিডদগ্ধ রেহানা খাতুন বলেন, ‘একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। আশা ছিল, স্বপ্নের নীড় গড়ব। কিন্তু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তারা (এসিড নিক্ষেপকারীরা) আমার জীবন তছনছ করে দিল।’ তিনি আরও বলেন, ‘সরকারি সহায়তা বলতে, ২০১০ সালে জেলা প্রশাসন থেকে পাঁচ হাজার টাকা পেয়েছি। সেই টাকা চিকিৎসার কাজে খরচ হয়েছে।’পলাশবাড়ি উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের এসিডদগ্ধ মঞ্জুয়ারা বেগম বলেন, ‘ছয় বছর মামলা চালিয়ে রায় পেয়েছি। কিন্তু সরকারিভাবে কোনো আর্থিক সাহায্য পাইনি। কেবল প্রথম আলোর এসিড সহায়ক তহবিল থেকে আমাকে একটি রিকশা দেওয়া হয়েছে।’