‘এসিড বিক্রির ওপর নজরদারি বাড়াতে হবে। লাইসেন্সবিহীন কোনো দোকান থেকে এসিড বিক্রি চলবে না। এসিড-সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর একটি মুখও যেন এসিডে ঝলসে না যায়, সেদিকে সরকারকেই দৃষ্টি রাখতে হবে।’পাবনা শহরে গতকাল শনিবার মানববন্ধন শেষে এক পথসভায় বক্তারা এ দাবি জানান। আড়াই বছরের শিশু সুলতানা খাতুনের ওপর এসিড নিক্ষেপ মামলার আসামি আরিফ ও বাবুলকে গ্রেপ্তার এবং এসিড-সন্ত্রাস বন্ধের দাবিতে এ মানববন্ধন ও পথসভা হয়। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে পাবনা বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে। শহরের আব্দুল হামিদ সড়কে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধনে জেলার সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে পাবনা প্রেসক্লাবের সামনে পথসভা হয়। সভায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পাবনা জেলা শাখার সম্পাদক শহিদুর রহমান বলেন, ‘এসিড আগ্নেয়াস্ত্রের চেয়েও ভয়ংকর। পাবনা জেলা শহরের প্রায় ৪০০ দোকানে এসিড বিক্রি হয়। যেখানে-সেখানে এসিড বিক্রি বন্ধে সরকারকেই উদ্যোগী হতে হবে।’ বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সম্পাদক কামরুন্নাহার জলি বলেন, ‘নারীরাই বেশি এসিড-সন্ত্রাসের শিকার হয়। এসিড-সন্ত্রাস নির্মূলে সরকারকে আরও আন্তরিক হতে হবে।’পাবনা প্রেসক্লাবের সম্পাদক উত্পল মির্জা বলেন, ‘পাবনায় এর আগেও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। কিন্তু স্থানীয় প্রশাসনের অবহেলায় এসিড-সন্ত্রাসীরা পার পেয়ে গেছে।’ পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হিফজুল আলম বলেন, ‘সুলতানার ওপর এসিড নিক্ষেপ মামলার আসামি আরিফ ও বাবুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাঁচতে চাই সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রব, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাজিউর রহমান, ড্রামা সার্কেলের সভাপতি গোপাল সান্যাল ও বন্ধুসভার সভাপতি সামসুন্নাহার বন্যা।উল্লেখ্য, পাবনা সদর উপজেলার আতল্লাপুর গ্রামে গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে শিশু সুলতানার ওপর এসিড ছোড়ে দুর্বৃত্তরা।