এসিড মামলায় বিচারপতির ছেলের জামিন
হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর ছেলে সাফায়েত আহমেদ চৌধুরী (২৮) গতকাল রোববার এসিড মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান এক লাখ টাকার মুচলেকায় এক আইনজীবীর জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন। তবে বিচারপতির সরকারি গাড়িচালক শাহীন ও তাঁর বন্ধু জাহিদের জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।গত বুধবার গুলশান থানার পুলিশ সাফায়েত আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করে। সাফায়েতের পক্ষে আইনজীবীরা আদালতকে বলেন, আসামির মা একজন বিচারপতি। সামাজিক অবস্থা বিবেচনা করে আদালত জামিনের আবেদন মঞ্জুর করতে পারেন। গত বুধবার বেলা ১১টার দিকে গুলশান ১ নম্বরের একটি আসবাবের দোকান থেকে সাফায়েতকে গ্রেপ্তার করা হয়।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, সাফায়েতের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবসরপ্রাপ্ত উইং কমান্ডার আসাদুজ্জামানের ছেলে সাবরি-ই-জামানকে লক্ষ্য করে এসিড ছোড়ার পরিকল্পনা করেছেন।