এসিড মারার হুমকি, স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটে তরুণের নির্যাতন এবং মুখে এসিড মারার হুমকিতে নীলফামারীর সৈয়দপুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।ওই ছাত্রীর বাবা গতকাল শুক্রবার অভিযোগ করেন, ১১ ফেব্রুয়ারি এলাকার মো. মোক্তারের ছেলে মো. মোস্তাক (২১) তাঁর মেয়েকে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে নির্যাতন চালায়। ঘটনাটি ওয়ার্ড কাউন্সিলর সিকান্দার আজমকে জানালে তিনি সালিসের মাধ্যমে তা নিষ্পত্তির আশ্বাস দেন। কিন্তু গতকাল পর্যন্ত সালিসের আয়োজন করা হয়নি।ছাত্রীটির বাবা জানান, কাউন্সিলরকে জানানোয় মোস্তাক আরও বেপরোয়া হয়ে ওঠে। ছাত্রীটির মুখে ওই বখাটে এসিড মারার হুমকি দেওয়ায় ১৪ ফেব্রুয়ারি থেকে ভয়ে সে স্কুলে যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, কাউন্সিলর সিকান্দার আজম নিজেই সালিস করবেন বলে তাঁকে থানায় মামলা করতে দেননি। তাঁর (কাউন্সিলর) গাফিলতিতে আলামত নষ্ট হয়ে যাওয়ায় তিনি মামলা করা নিয়ে বিপাকে পড়েছেন।কাউন্সিলর সিকান্দার আজম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটির পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। লোকলজ্জায় তারা তা করেনি। সালিসের দায়িত্ব নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।