‘এসিড-সন্ত্রাসের মতো একটি ঘৃণ্য অপরাধ নেত্রকোনায় অব্যাহতভাবে ঘটে যাচ্ছে। এ সন্ত্রাস প্রতিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই।’ এসিড-অপরাধ দমনে গণসচেতনতামূলক এক আলোচনা সভায় গতকাল বৃহস্পতিবার বক্তারা এ কথা বলেন। নেত্রকোনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় উপস্থাপিত ‘বাংলাদেশে এসিড সহিংসতা: প্রেক্ষিত নেত্রকোনা’ শীর্ষক এক প্রবন্ধে বলা হয়, ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশে মোট এসিড-সহিংসতার ঘটনা ঘটেছে দুই হাজার ৩১৪টি। এর মধ্যে নেত্রকোনার অবস্থান অষ্টম। এ সময়ে নেত্রকোনার ঘটনার সংখ্যা ৮০টি। এ ঘটনায় ৯১ জন এসিডদগ্ধ হয়েছেন। এর মধ্যে নারী ৫৬ জন ও পুরুষ ৩৫ জন। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নুরুল আমিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন চৌধুরী, নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, বেসরকারি সংস্থা স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।