এসিড-সন্ত্রাস মামলার সাক্ষীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় এসিড-সন্ত্রাস মামলার মানিক মিয়া নামের একজন সাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সাগরদী বাজারে এ ঘটনা ঘটে।এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তিন দুর্বৃত্তকে আটক করে। তাঁরা হলেন: সজীব, কনক ও মামুন। তাঁদের রামপুর ফাঁড়ির পুলিশে সোপর্দ করা হয়। অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাবের কারণে পরে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। গত শনিবার একই মামলার আরেক সাক্ষী ও আহত মানিকের বড় ভাই রফিকুল ইসলামকে (৩০) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাঁদের বাড়ি উপজেলার শরীফপুর গ্রামে।আহত মানিকের (২৫) পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার লেবুতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঙ্গে মানিকের চাচি সালেহা বেগমের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০০৭ সালের ২১ অক্টোবর বিকেলে সালেহা বেগম (৫৫), তাঁর মেয়ে নাসিমা বেগম (২২) ও ছেলে আবদুল রশিদ (২৮) এসিড-সন্ত্রাসের শিকার হন। এ ঘটনায় মনোহরদী থানায় নাজমুল হুদাসহ নয়জনকে আসামি করে মামলা করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে রাজনৈতিক বিবেচনায় জেলা দায়রা জজ আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। গত বছরের ২১ মে এই আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ হাইকোর্টে রিট আবেদন করলে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলা প্রত্যাহারের আদেশ কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারি করেন।এসিড-সন্ত্রাসের শিকার আবদুল রশিদ বলেন, ‘এসিড-সন্ত্রাসের শিকার হওয়ার পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় চিকিৎসাসেবা পেয়ে মা, বোন ও আমি প্রাণে বেঁচে আছি। কিন্তু আসামিরা ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। উচ্চ আদালতে রিট করার পর থেকে তাঁরা আমাদের পরিবারের সব সদস্যকে হত্যার হুমকি দিচ্ছেন।’আহত মানিক বলেন, ‘আমার ভাইকে কুপিয়ে জখম করার ঘটনায় গতকাল সকালে সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্দেশে থানায় যাচ্ছিলেন। এ খবর পেয়ে নাজমুল হুদার লোকজন আমার ওপর ওই হামলা চালায়। অথচ পুলিশ তাঁদের ছেড়ে দিয়েছে।’ রামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনজনকে ওসির নির্দেশে ছেড়ে দেন।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান রাত সাড়ে নয়টার দিকে বলেন, আটক করা তিনজনের বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা মামলা ছিল না, তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।