এসিড-সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি দগ্ধ আয়েশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসিডের যন্ত্রণা কী ভয়াবহ তা আমি বুঝি। আমার মতো আর কাউকে যেন এ রকম কষ্ট সহ্য করতে না হয়। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সমাজের প্রতি অনুরোধ জানাই। প্রথম আলোর দেওয়া জমি থেকে উপার্জিত অর্থে পরিবারে সচ্ছলতা আসবে। মাথা উঁচু করে দাঁড়াব সমাজে। এসিড নিক্ষেপকারী আরিফুল ইসলাম ধরা পড়ুক—এটাই আমি চাই।’ ২০ শতক জমির বন্ধকি দলিল হাতে পেয়ে গতকাল মঙ্গলবার এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মিনজিরীতলা গ্রামের এসিডদগ্ধ আয়েশা বেগম। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে আয়েশাকে পুনর্বাসন করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে আয়েশার বাড়ির সামনে একটি সভার আয়োজন করা হয়। বাঁশখালী পৌরসভার মেয়র কামরুল ইসলাম হোসাইনীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম নাজিম উদ্দিন।ইউএনও বলেন, ‘প্রথম আলো পত্রিকা প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা প্রশংসার দাবি রাখে। এসিডদগ্ধ আয়েশাকে বিয়ে করায় তাঁর স্বামীকে ধন্যবাদ জানাই। এসিড নিক্ষেপকারী আরিফুলকে গ্রেপ্তারে পুলিশ আরও তৎপর হতে হবে।’ এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল বলেন, সহায়ক তহবিল থেকে আয়েশার মতো ২৩১ জন এসিডদগ্ধ নারীকে সহায়তা করা হয়েছে। তিনি এসিড-সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানান। পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘এই আয়েশারা আমাদের সমাজেরই মানুষ। এসিড নিক্ষেপের ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকাবাসীকে সজাগ থাকতে হবে।’ বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম বলেন, এলাকাবাসী পুলিশকে সহায়তা করলে এ ধরনের আসামি ধরা পড়বেই। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ মৌলভী আবদুল্লাহ, আয়েশার বাবা মকবুল আহমেদ, আয়েশার স্বামী ইমাম হোসেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০০০ সালের ২৬ এপ্রিল দিবাগত রাতে মিনজিরীতলা গ্রামের আরিফুল ইসলাম একই গ্রামের আয়েশাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। এতে আয়েশার মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় আয়েশার বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। মামলার আসামি আরিফুল ইসলামকে ৩৩ বছরের কারাদণ্ড দেন আদালত। আরিফুল পলাতক রয়েছেন।