ভূমিহীন গৃহবধূ নাসিমা খাতুনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় মামলার আসামি আবদুল মাজেদ ও আবদুল হামিদ এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য তারা বাদীকে হুমকি দিচ্ছে। অথচ তাদের গ্রেপ্তারে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। শিগগিরই এসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে বেসরকারি সংস্থা (এনজিও), সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্র হয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।গতকাল শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে সাতক্ষীরা বন্ধুসভা এ মানববন্ধনের আয়োজন করে।সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধনে শিক্ষক, আইনজীবী, এনজিও কর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, বন্ধুসভার সদস্যসহ চার শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘এসিড-সন্ত্রাস রুখব’, ‘এসিড-সন্ত্রাসীদের সামাজিকভাবে বর্জন করুন’—এসব স্লোগানসংবলিত প্লাকার্ড ও ফেস্টুন বহন করে।কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বেসরকারি সংস্থা স্বদেশের পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন, ভূমিহীন উন্নয়ন সংস্থার যুগ্ন আহ্বায়ক আবদুর ছাত্তার, দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম, বাংলাদেশ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোজাফফর রহমান, শিক্ষিক মশিয়ার রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।১৩ ফেব্রুয়ারি সাতক্ষীরার আশাশুনি উপজেলার পশ্চিম খাজরা গ্রামে ভূমিহীন নাসিমা খাতুনের ইজারা নেওয়া জমি দখল নিয়ে তাঁর ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এসিডদগ্ধ নাসিমাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। পরদিন বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে উন্নত চিকিত্সার জন্য তাঁকে ঢাকায় এসিড সারভাইভরস ফাউন্ডেশনে পাঠানো হয়। এ ঘটনায় একই দিন নাসিমার স্বামী আবদুর রাজ্জাক একই গ্রামের আবদুল মাজেদ ও আবদুল হামিদের বিরুদ্ধে মামলা করেন।