এসিড-সন্ত্রাসের দায়ে একজনের সাত বছর কারাদণ্ড
এসিড মেরে একই পরিবারের চার সদস্যের শরীর ঝলসে দেওয়ার দায়ে একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার সাতক্ষীরা এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম মুস্তাক আহমেদ এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার গণেশপুর গ্রামের আহম্মদ আলী গাজীর ছেলে আবদুর রাজ্জাক (৩১)।মামলা সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের ওয়াজেদ আলী গাজীর স্ত্রী তাসলিমা খাতুনকে (২৪) বাড়ির পাশের আবদুর রাজ্জাক আপত্তিকর প্রস্তাব দেন। এতে রাজি না হলে আবদুর রাজ্জাক তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে তাসলিমা ২০০৭ সালের ২৫ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুর রাজ্জাক ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি রাতে তাসলিমার বাড়িতে গিয়ে তাঁকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারেন। এসিডে তাসলিমা ছাড়াও তাঁর স্বামী আবদুল ওয়াজেদ আলী গাজী, তাঁর ছেলে রহমত আলী ও মেয়ে তানিয়া দগ্ধ হয়।