এসিড-সন্ত্রাসের দায়ে কুড়িগ্রামে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে এসিড ছুড়ে দুজনের শরীর ঝলসে দেওয়ার দায়ে মো. আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম এ রায় দেন।মামলার বিবরণে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় গ্রামের আবদুর রাজ্জাক আগের বিয়ের কথা গোপন রেখে একই গ্রামের এক নারীকে বিয়ে করেন। ঘটনা প্রকাশ হলে দাম্পত্য কলহ দেখা দেয় এবং রাজ্জাকের এই স্ত্রী বাবার বাড়িতে চলে যান। রাজ্জাক তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন। ২০১০ সালের ১৪ নভেম্বর রাতে রাজ্জাক গোপনে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ঘুমিয়ে আছেন মনে করে জানালা দিয়ে এসিড ছুড়ে মারেন। তবে সেখানে তাঁর স্ত্রী ছিলেন না; ছিলেন রাজ্জাকের শাশুড়ি (৬০) ও রাজ্জাকের স্ত্রীর এক ভাগ্নি (১৪)। এসিডে রাজ্জাকের স্ত্রীর ভাগ্নির ডান চোখ, মাথা, মুখের ডান পাশ ও পেট ঝলসে যায়। রাজ্জাকের শাশুড়িরও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।