এসিড সন্ত্রাসের শিকার আড়াই বছরের শিশু!
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের আতল্লাপুর গ্রামে গত মঙ্গলবার রাতে এসিড সন্ত্রাসের শিকার হয়েছে আড়াই বছরের শিশু সুলতানা খাতুন। শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গতকাল বুধবার মা মনোয়ারা খাতুনের কোলে যন্ত্রণায় কাতরাচ্ছিল শিশুটি। এতটুকু শিশুকে এসিড ছোড়ায় তার মা-বাবা বিস্মিত ও উদ্বিগ্ন। মনোয়ারা খাতুন জানান, তাঁদের একটি নারকেল গাছের পাতা প্রতিবেশীর সীমানায় গেছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দফায় ঝগড়া হয়েছে। এর জের ধরেই প্রতিবেশী যুবকেরা এসিড নিক্ষেপ করেছে বলে তিনি অভিযোগ করেন। সুলতানার বাবা আমিরুল ইসলাম জানান, তাঁর বাড়ি আতল্লাপুর গ্রামে। তিনি একজন দিনমজুর। মঙ্গলবার দিবাগত রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী দুই যুবক ঘরের জানালা দিয়ে এসিড ছোড়ে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান গতকাল জানান, এসিড ছোড়ার ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে প্রতিবেশী আরিফ ও বাবুল নামের দুই যুবককে আসামি করে মামলা করেছেন। পুলিশ ওই এলাকা পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। আসামিরা পলাতক রয়েছে।