২০০৩ সালের পর থেকে এসিড-সহিংসতার মাত্রা কমতে শুরু করে। তবে গত বছর তা না কমে বেড়েছে। বিশেষ করে বিয়ে, প্রেম বা শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় নারীদের ওপর এই সহিংসতার মাত্রা বেড়েছে। সহিংসতা বৃদ্ধির প্রবণতা রোধ করা না গেলে ২০১৫ সালের মধ্যে বছরে এসিড-সহিংসতার হার পঞ্চাশ শতাংশের নিচে আনা সম্ভব হবে না।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেছেন। তাঁরা বলেন, এসিড-সহিংসতার মাত্রা বর্তমানে কিছুটা কমেছে। এ অবস্থা থেকে উত্তরণে তাঁরা সামাজিক আন্দোলন জোরদার করা, সরকারের বিভিন্ন কার্যক্রম সক্রিয় করে তোলা, আইনের বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেন।সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যে জানা যায়, ২০০২ সালে ৪৯০ জন এবং ২০০৩ সালে ৪১১ জন এসিড-সন্ত্রাসের শিকার হন। এরপর ২০০৯ সাল পর্যন্ত এ মাত্রা কমতে থাকে। ওই বছর আক্রান্তের সংখ্যা ছিল ১৫০ জন, কিন্তু গত বছর তা বেড়ে দাঁড়ায় ১৫৩। ২০০৯ সালে প্রেম, বিয়ে বা শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড-আক্রান্ত নারীর সংখ্যা ছিল ৮ শতাংশ। গত বছর সংখ্যাটি বেড়ে হয়েছে ২২ শতাংশ। যৌতুকের কারণে ২০০৯ সালে ৫ শতাংশ নারী আক্রান্ত হলেও গত বছর তা বেড়ে দাঁড়ায় ৮ শতাংশে। বয়সের ক্ষেত্রেও গত বছর ১৩ থেকে ৩৫ বছর বয়সী নারীরা বেশি আক্রান্ত হয়েছেন।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহকারী প্রতিনিধি নূর মোহাম্মদ বলেন, এএসএফের সংগৃহীত তথ্যের বাইরেও অনেক ঘটনা ঘটছে, যা কেউ জানতেই পারছে না। তাই পরিসংখ্যানের চেয়ে বাস্তবতা আরও ভয়াবহ। তিনি সামাজিক আন্দোলনে পুরুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, ২০০২ সাল থেকে গত বছর পর্যন্ত মোট এক হাজার ৫৯৩টি মামলা হয়েছে। এ পর্যন্ত ২৮১ জন আসামি বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছে। তবে উচ্চ আদালতে ৩২১টি মামলা স্থগিত (স্টে) হয়ে আছে। এসিড ক্রাইম কন্ট্রোল মনিটরিং সেলের দেওয়া তথ্য মতে, গত বছর একজন আসামিরও সাজা হয়নি, ৯৭টি মামলার মধ্যে ৪৫টিই স্থগিত হয়ে আছে।এএসএফের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান উচ্চ আদালতকে বিশেষ ব্যবস্থা নিয়ে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান।এএসএফের কোষাধ্যক্ষ সারভাইভার প্রতিনিধি ফজিলাতুন্নেসা নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ‘জীবনে পুলিশই চিনতাম না। কিন্তু সেই আমি মামলার জন্য হাইকোর্ট পর্যন্ত গিয়েছি। কিন্তু এখন কী করব, তা আর বুঝতে পারছি না। হাইকোর্ট থেকে মামলা কবে নিষ্পত্তি হবে, তা-ও জানি না।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি ও বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ জে এম সালেক এসিড-আক্রান্ত হওয়ার পরপরই পানি ঢালা, দ্রুত হাসপাতালে আনা এবং চামড়া প্রতিস্থাপনের বিষয়টিতে গণসচেতনতা তৈরি জরুরি বলে উল্লেখ করেন।