এসিড-সহিংসতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভায় বক্তারা এসিড সন্ত্রাস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ‘এসিড সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ের সরকারি সেবা প্রদানকারী সংস্থার ভূমিকা’ শীর্ষক সভায় বক্তারা এ আহ্বান জানান। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও স্থানীয় বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি এ সভার আয়োজন করে। সভায় জানানো হয়, ১৯৯৯-২০০৯ সাল পর্যন্ত ময়মনসিংহে মোট ৮৬ জন নারী-পুরুষ এসিড সন্ত্রাসের শিকার হয়। তাদের অধিকাংশই নারী ও শিশু। আয়োজকদের দেওয়া তথ্যে বলা হয়, জেলায় বাণিজ্যিকভাবে ও গবেষণার কাজে এসিড ব্যবহারকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৪৫১টি। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান লাইসেন্স নিয়েছে। বাকি ৪৪৪টির লাইসেন্স নেই। বক্তারা লাইসেন্সের ব্যাপারে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আইনুন্নাহার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনার সিভিল সার্জন সিদ্ধেশ্বর সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল আউয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মডেল থানার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের খালেদা ইয়াসমিন প্রমুখ।