এসিড সহিংসতার ১০-১২ শতাংশ মামলায় আসামিদের সাজা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড সহিংসতার মতো ভয়াবহ ঘটনায় মাত্র ১০ থেকে ১২ শতাংশ মামলায় আসামিদের সাজা দেওয়া সম্ভব হচ্ছে। অন্যরা আইনের ফাঁক গলে বের হয়ে যাচ্ছে। এতে উৎসাহিত হচ্ছে অপরাধীরা।গতকাল শুক্রবার এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। ব্র্যাক ও জার্মান টেকনিক্যাল কো-অপারেশনের (জিটিজেড) সহায়তায় মহাখালীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী এ সভা হয়।মূল বক্তব্যে এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, ‘এসিড-সন্ত্রাস বন্ধের জন্য দুটি শক্তিশালী আইন আছে। মামলায় তথ্য-প্রমাণের জন্য এসিডদগ্ধদের শরীরে ক্ষত আছে। সরকারের বিনা মূল্যে আইনি সহায়তা কার্যক্রম আছে। কিন্তু এত কিছু থাকার পরও পরিস্থিতি পাল্টায়নি। এএসএফের কাছে সারা দেশ থেকে যে তিন হাজার এসিডদগ্ধ ব্যক্তি এসেছেন, তাঁদের মধ্যে মাত্র ১০ শতাংশের বেলায় আইনি সেবা নিশ্চিত করা গেছে। সরকারের আইনি সহায়তা কার্যক্রমে এসিডদগ্ধ ব্যক্তিরা এখনো অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পায়নি। দুঃখজনক হলেও সত্য, এ অবস্থা আমরা সবাই সহ্য করছি।’‘এসিড আক্রমণের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান ও প্রতিবন্ধকতা নিরসন’ শীর্ষক মতবিনিময় সভার বিশেষ অতিথি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সৈকত বসু জানান, নিম্ন আদালত থেকে হাইকোর্টে মামলা আসতে অনেক সময় লেগে যায়। যে পর্যায়ে মামলাটি আসে, তখন আর তেমন কিছু করার থাকে না।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জিটিজেডের প্রিন্সিপাল অ্যাডভাইজার এনেট ফাঙ্ক। সভায় সারা দেশে এসিড মামলায় বিভিন্ন পর্যায়ে আইনি সহায়তাকারী আইনজীবীরা অংশ নেন। তাঁরা মামলা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তাঁরা জানান, আলামত জব্দের সঙ্গে মামলার বিবরণীর মিল থাকে না, সাক্ষী হাজির করায় সমস্যা, ভিকটিমের (এসিড-সন্ত্রাসের শিকার) যথাযথ মেডিকেল পরীক্ষা না হওয়া, আইন সম্পর্কে এফআইআর যাঁরা লিখেন এবং ভিকটিমের অজ্ঞতাসহ বিভিন্ন বিষয় প্রতিবন্ধকতা তৈরি করছে। আইনজীবীরা সাক্ষী হাজির করাসহ বিভিন্ন কাজ দ্রুত করতে বিচার বিভাগের জন্য আলাদা পুলিশ বাহিনী গঠনের সুপারিশ করেন। কেননা মন্ত্রীর প্রটোকল, হরতাল ডিউটি, ছাত্র সংগঠনের মারামারি থামানোসহ সব কাজই করতে হচ্ছে পুলিশকে।বক্তারা বলেন, এসিড মামলায় আপসের কোনো সুযোগ নেই। কিন্তু ভয়ভীতি বা লোভে পড়ে, মামলার দীর্ঘসূত্রতা, অবহেলা, আদালতের পরিবেশ নারীবান্ধব না হওয়াসহ বিভিন্ন কারণে বেশির ভাগ মামলা আদালতের বাইরেই আপস করতে বাধ্য হচ্ছেন ভিকটিমের পরিবার।মতবিনিময়ে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির পরিচালক ফস্টিনা পেরেরা, সামাজিক উন্নয়ন কর্মসূচির পরিচালক আন্না মিন্জ, আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক সালমা জাবিন এবং এসিড আক্রান্ত ব্যক্তিরা বক্তব্য দেন।