এসিডদগ্ধ খালেদার চোখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
‘আঁই খুব গরিব মাইনসের মাইয়া। আঁর বৃদ্ধ বাবা ভিক্ষা গরি সংসার চালাই। আঁরে এসিড মারি জীবন তছনছ গড়ি দিয়ে। প্রথম আলোর সহযোগিতায় আঁই আবার জীবন ফিরি পাই। রিকশা ভাড়ার টেয়াই আঁর মা-বাবারে লই কোনো রকমে সংসার চলে। অনরার একটু সহযোগিতা পাইলে স্বাবলম্বী হইত পাইরতাম।’এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলোর সহায়ক তহবিল থেকে রিকশা পেয়ে গতকাল বৃহস্পতিবার এভাবেই নিজের কথা বললেন চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ার ধলিবিলা গ্রামের এসিডদগ্ধ খালেদা বেগম। এই তহবিল থেকে ২০০৯ সালের জুন মাসে খালেদা বেগমকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি রিকশা দেওয়া হয়। ওই রিকশা দুটি ভাড়া দিয়ে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ টাকা আয় হয় খালেদার।গতকাল লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে খালেদার কাছে রিকশা দুটি হস্তান্তর করেন ইউএনও পরিমল সিংহ ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ। এ উপলক্ষে প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে ইউএনও কার্যালয়ে এসিডদগ্ধদের পুনর্বাসন ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছিল। সভায় ইউএনও পরিমল সিংহ বলেন, ‘এসিড নিক্ষেপের মতো হূদয়বিদারক ঘটনা সমাজে যাতে না ঘটে, সে জন্য প্রত্যেককে সচেতন হতে হবে। প্রথম আলো সাংবাদিকতার পাশাপাশি অনেক ভালো উদ্যোগ নিচ্ছে। এর সঙ্গে আমাদের প্রত্যেকের সম্পৃক্ত হওয়া উচিত।’পরিমল সিংহ খালেদাকে সরকারিভাবে কিছু খাসজমি এবং ঘরের জন্য টিন দেওয়ার প্রতিশ্রুতি দেন।লন্ডনপ্রবাসী মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সৈয়দ আবদুল মাবুদ বলেন, আজকের অনুষ্ঠানে আমরা যাঁরা উপস্থিত আছি, সবাই একটু সহযোগিতা করলে এসিডদগ্ধ খালেদার পুনর্বাসন হয়ে যায়। তিনি খালেদা বেগমকে দুই হাজার টাকা অনুদান দেন। গোলামবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ কান্তি দাশ বলেন, সমাজের সব পেশার মানুষ একত্রে কাজ করলে এসিড-সন্ত্রাসের মতো ঘৃণ্য কাজ বন্ধ হবে।সভায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর এসিড সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমদ, মৎস্য কর্মকর্তা মাহবুবর রহমান, আনসার-ভিডিপির কর্মকর্তা আবদুল কুদ্দুস, ব্যবসায়ী জমির আহমদ, আবু আহমদ ও দেলোয়ার হোসেন এবং বন্ধুসভার সদস্য ইয়াছির ছিলমি ও জয়নাল আবেদীন। সভা পরিচালনা করেন প্রথম আলোর লোহাগাড়া প্রতিনিধি পুষ্পেন চৌধুরী।২০০৮ সালে বিয়ের ছয় মাস পর খালেদা বেগম জানতে পারেন তাঁর স্বামী আবদুল হাকিমের একাধিক স্ত্রী রয়েছে। এ জন্য স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান তিনি। হাকিম এতে ক্ষিপ্ত হয়ে ২০০৮ সালের ৬ অক্টোবর রাতে ঘুমন্ত অবস্থায় খালেদার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যান। এ ব্যাপারে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর হাকিমকে কক্সবাজার ইনানি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে চট্টগ্রামের বিচারিক হাকিম আদালত হাকিমকে ৩৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।