এসিডদগ্ধ নারীদের জন্য দুই লাখ টাকা দিয়েছে সানিডেল স্কুল
রাজধানীর ধানমন্ডির সানিডেল স্কুল কর্তৃপক্ষ এসিডদগ্ধ নারীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারা তাদের স্কুলের কমিউনিটি সার্ভিসের আওতায় দুই লাখ টাকা সংগ্রহ করে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলে জমা দিয়েছে।গতকাল রোববার স্কুল কর্তৃপক্ষের পক্ষে শিক্ষক জাবীন মাহবুব, উমা চক্রবর্তী এবং ১০ জন শিক্ষার্থী প্রথম আলোর কার্যালয়ে এসে ওই টাকার ব্যাংক চেক তুলে দেন সম্পাদক মতিউর রহমানের হাতে। উপস্থিত শিক্ষার্থীরা হলো ফারিয়া মেহজাবিন, দীপাঞ্জনা দত্ত, ইশরাত জাহান, মারজিয়া নাওয়ার, দ্যুতি অর্নি, ইরফান হোসেন, আজওয়াদ আনোয়ার, হাসান হাসনাইন, সুদীপ্ত সাহা ও সাকিন সারওয়ার সাত্তার।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজ আহমেদ এবং এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল। সানিডেল স্কুল এর আগেও এই তহবিলে অর্থ দান করেছে।