এসিডদগ্ধদের জন্য ন্যায়বিচার ও সেবা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন এবং সবাইকে এসিডদগ্ধদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর মধ্য দিয়ে গতকাল বুধবার হয়ে গেল জামালপুর জেলার এসিডদগ্ধদের আঞ্চলিক সম্মেলন। সম্মেলনে জামালপুর জেলার সাতটি উপজেলা থেকে ৬৯ জন এসিডদগ্ধ নারী-পুরুষ ও শিশু অংশ নেয়। তাদের মধ্যে ১৭ জনের প্রত্যেকের হাতে অনুদানের ৩০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এসিডদগ্ধদের জন্য সরকারি-বেসরকারি সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং এসিড-সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও ব্র্যাক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।সম্মেলনে এসিডদগ্ধ হয়ে অন্ধ হয়ে যাওয়া বৃদ্ধ তোফাজ্জল হোসেন বলেন, ‘অরা আমারে এসিড মাইরা চোখ অন্ধ কইরা দিছে। আমি ত কোন সাহায্য পাই না। আমার মামলার আসামিরাও আমারে আর আমার পরিবারের লোকজনগরে হুমকি দেয়। আমি কি বিচার পামু না।’ এসিডদগ্ধ মাজেদা বেগম বলেন, ‘আমার শ্বশুরবাড়িতে আমারে আর আমার কোলের ছেলেরে এসিড মারছিল। এসিড সারভাইভারস থেইকা চিকিৎসা পাইছি। প্রথম আলো অফিস থেইকা আমারে জমি কিনা ঘর তুইলা দিছে। আমার এসিডদগ্ধ ছেলে মামুনরে লেখাপড়া করবার চাই। কেউ যেন কারও শরীরে ও মুখে এসিড না মারে, সবাইকেই এই অনুরোধ জানাই।’ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি গোলাম মোহাম্মদ। এতে জেলা প্রশাসক মো. সিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী শামীমা খান, এসিডদগ্ধ জমিলা খাতুন, প্রথম আলোর জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনে উদ্যোক্তা ও বিভিন্ন বক্তারা বলেন, এসিডদগ্ধরা বেঁচে থাকলেও তারা স্বাভাবিক জীবন ফিরে পায় না। তাই এসিড-সন্ত্রাস প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। সরকারিভাবে এসিডদগ্ধদের সহায়তার জন্য সারা দেশে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সারা দেশে মাত্র ২০ লাখ টাকা খরচ হয়েছে। জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটি সঠিকভাবে কাজ করে না বলেই সারা দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এসিড-সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম আরও বাড়াতে হবে। এক ফোঁটা এসিডও যেন বিনা প্রয়োজনে বাইরে না যায়, প্রশাসনকে সে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। এর আগে শহরের দয়াময়ী মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে এসিডদগ্ধ নারী-পুরুষ ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, বেসরকারি সংস্থা ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।