এসিডদগ্ধদের সমাবেশ
‘স্বামী ফেলে গেছেন। আমাকে বাসাবাড়িতেও কেউ কাজ দেয় না। খেয়ে না-খেয়ে বেঁচে আছি।’ কথাগুলো বলছিলেন এসিড-সন্ত্রাসের শিকার খুলনা নগরের বয়রা এলাকার বাসিন্দা নাসিমা আক্তার।গত বুধবার সকালে নগরের সিএসএস আভা সেন্টারে এক সমাবেশে এভাবেই নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন নাসিমা। সমাবেশে যোগ দেন এসিড-সন্ত্রাসের শিকার ৩২ জন নারী-পুরুষ ও শিশু।মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাগ্রত যুব সংঘ (জেজেএস) এ সমাবেশের আয়োজন করে। জেজেএসের নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। উপস্থিত ছিলেন খুলনায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান, খুলনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি অলোকানন্দা দাস ও দৈনিক যুগান্তর-এর খুলনা ব্যুরোপ্রধান মকবুল হোসেন। এর আগে সকাল নয়টায় সিএসএস আভা সেন্টার থেকে এসিড-সন্ত্রাসবিরোধী একটি শোভাযাত্রা বের করা হয়।