এসিডদগ্ধদের সরকারি সহায়তা কাগজ-কলমেই সীমাবদ্ধ
শিল্পে সমৃদ্ধ শহর নরসিংদীতে এসিড সহজলভ্য। এসিডদগ্ধ নারীর সংখ্যাও অনেক। অথচ তাঁদের সহায়তা ও পুনর্বাসনের জন্য গঠিত জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের জেলা কমিটির কোনো কার্যক্রম নেই।দুই মাসের ব্যবধানে কমিটির নিয়মিত সভা করার কথা থাকলেও নয় মাস ধরে তা বন্ধ আছে। ফলে এসিডদগ্ধ নারীদের সরকারি সহায়তা কার্যক্রম আটকে থাকছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, এসিডদগ্ধ নারীদের সহায়তার জন্য পাপড়ি নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) কাজ করে জেলায়। গত ডিসেম্বর থেকে সেটিও বন্ধ রয়েছে। কোনো বরাদ্দ না আসায় এসিডদগ্ধ নারীদের সহায়তার সরকারি তহবিল শূন্য।জানা যায়, টেক্সটাইল, প্রিন্টিং, ফিনিশিং, ডায়িং, স্পিনিংসহ প্রায় আড়াই হাজার তাঁত ও বস্ত্রশিল্পের এই শহরে এসিডের ব্যবহার বেশি হয়। এমনকি নরসিংদী বাজারে আছে এসিড ও রঙের অসংখ্য দোকান। এসিড ব্যবহারকারী অধিকাংশ প্রতিষ্ঠানেরই লাইসেন্স নেই।জেলা পুলিশ সুপার কার্যালয়ের হিসাবমতে, ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত ১১ বছরে এসিড-সন্ত্রাসের শিকার হয়ে প্রায় ৮০ জন নারী জেলার বিভিন্ন থানায় মামলা করেছেন। তবে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের হিসাবমতে, নরসিংদীতে এসিড-সন্ত্রাসের শিকার নারীর সংখ্যা ১১৪।এসিডদগ্ধ শিবপুর উপজেলার বাটগাঁও গ্রামের আসফিয়া সুলতানা পারুল (৩৭) বলেন, ‘কয়েক বছর আগে প্রথম আলো থেকে একটি গাভি দিয়েছিল। এইডা দিয়াই কোনো রকমে চলতাছি। বছর দেড়েক আগে আমাদের নিয়া পাপড়ি একটা অনুষ্ঠানও করছিল। এক বছর ধইরা কেউ খোঁজখবর নেয় না।’পাপড়ির জেলা শাখার নির্বাহী পরিচালক আবু বাছেদ বলেন, ‘এর আগে আমরা জেলা প্রশাসনের সহায়তায় প্রায় ১১৪ জন এসিডদগ্ধ নারীর মধ্যে ৯৬ জনকে সহায়তা ও পুনর্বাসনের আওতায় আনতে সক্ষম হয়েছি। তবে গত বছরের ডিসেম্বরে আমাদের প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই এসিডদগ্ধ নারীদের সহায়তায় এখন কোনো কার্যক্রম নেই।’জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সহকারী ও এসিড সহায়তা কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামীম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বেশ কয়েক মাস ধরে এসিডদগ্ধ নারীদের সহায়তা ও পুনর্বাসনসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া তাদের সহায়তার জন্য যে তহবিল রয়েছে, কোনো ধরনের বরাদ্দ না থাকায় তার অবস্থাও বেহাল। তাই এ সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে।