এসিডে আক্রান্তদের গানের দলের নাম পঞ্চম সুর। গান গেয়ে এসিডে আক্রান্তরা ভুলে থাকতে চায় এসিডের ভয়াবহতা ও কিছু পাষণ্ড মানুষের মুখ। গতকাল শুক্রবার গানের এই দলটি ১০ বছর পূর্তি পালন করেছে।নারীগ্রন্থ প্রবর্তনা কার্যালয়ে গান গেয়ে এসিডে আক্রান্তরা মাতিয়ে রাখল শ্রোতাদের। কিছুক্ষণের জন্য ভুলে গেল একটি যন্ত্রণাময় অধ্যায়। তাদের মতে, গান গেয়ে একদিকে যন্ত্রণা ভুলে যাওয়া যায়, একই সঙ্গে গানের কথাগুলো নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা জোগায়, আর নতুন উদ্যম ও সাহস সঞ্চয়ে সহায়তা করে।অনুষ্ঠানে এসিডে আক্রান্তদের গাওয়া ‘এসো সোনালি মানুষ, ওড়াও রঙিন ফানুস’, ‘মিলেমিশে নাচি রে গাই রে...জীবনটা নিজেই সাজাই রে’, ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানগুলো যেন এসিডে আক্রান্তদের মনের কথাগুলোই বলে দিচ্ছিল।‘ছেলে হলে খবর দিবা, মেয়ে হলে খবর দিবা না’, ‘সাত মাস বয়সে বাবা মুখে এসিড ঢেলে দিয়েছিল’, ‘আমার রক্তের সঙ্গে বাবার রক্তের মিল থাকলেও হাসপাতালে রক্ত দেয়নি’, বাবা চট্টগ্রামে আবার বিয়ে করেছে, তার এক ছেলে ও এক মেয়ে’—এ ধরনের অসংখ্য কথা বলে যাচ্ছিল বাবলি। বাবাকে দেখতে ইচ্ছে করে কি না জানতে চাইলে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে দৃঢ়কণ্ঠে উত্তর দেয়, ‘না’।বর্তমানে বাবলির বয়স ১০ বছর। তৃতীয় শ্রেণীতে পড়ছে। খুব ছোট বয়সে বাবলির এসিডের সঙ্গে পরিচয়। তার পাষণ্ড বাবা শুধু মেয়ে হওয়ার অপরাধে মুখে এসিড ঢেলে দিয়েছিল। গতকাল অনুষ্ঠানে হলুদ শাড়ি ও গাঁদা ফুল দিয়ে সেজে বাবলি ‘ময়না ছলাত্ ছলাত্ করে রে’ গানের সঙ্গে নেচে সবাইকে আনন্দ দেয়।এসিডে আক্রান্তরা নিজেদের কাহিনি বলার ফাঁকে একবার হলেও স্মরণ করছিল মানবাধিকারকর্মী নাসরীন হকের কথা। কেননা নাসরীন হকের স্বপ্নের ফসল হিসেবে তাঁর বাড়িতেই ১০ বছর আগে এই গানের দলের যাত্রা শুরু হয়েছিল। এখনো নাসরীন হক অথবা তাঁর বোন শিরীন হকের বাড়িতেই চলে গানের রেওয়াজ।নারায়ণগঞ্জের হাসিনা আক্তারের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৪ সালে এসিডে আক্রান্ত হয় সে। তার মুখ বিকৃত হয়ে গেছে। কিন্তু গান গাওয়ার সময় মনে হচ্ছিল, তার কোনো কষ্ট নেই। হাসিনা প্রতিবেদকের সঙ্গে কথার ফাঁকে প্রথম আলোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এই পত্রিকায় তার সাক্ষাত্কার ছাপা হওয়ার পরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।১৯৯৮ সালে এসিডে আক্রান্ত হন রুনা। তবে রুনার জীবন থমকে যায়নি। এসিড সারভাইভরস ফাউন্ডেশনে কাজ করছেন তিনি। স্বামী আমিনুল ইসলাম এবং একমাত্র মেয়ে পদ্মকে নিয়ে ‘অনেক ভালো’ আছেন বলে জানালেন।রুনা, মুক্তি, লিজা, নুরুন নাহার ও তাহমিনাকে নিয়ে একসময় পঞ্চম সুরের যাত্রা শুরু হলেও এটি এসিডে আক্রান্তদের সংগঠনে পরিণত হয়েছে। রুনা, হাসিনাসহ অন্যদের মতে, প্রতি শুক্রবার গানের রেওয়াজ করার জন্য সবাই একত্র হওয়ার সুযোগ পায়। সে সুযোগে একে অপরের সঙ্গে মনের গভীরে জমে থাকা কষ্টের কথাগুলো বলে নিজেদের হালকা করারও সুযোগ পায়। দলটি তাদের নতুনভাবে বাঁচতে সহায়ক ভূমিকা পালন করছে।