এসিডে ঝলসে গেল দুই বোনের জীবন
সস্তা প্রসাধনীতে মুখ ঢেকে প্রতিদিনই মঞ্চ মাতাতেন যাত্রাশিল্পী পারুল আক্তার (২৩)। সে মুখাবয়ব এখন ওষুধের প্রলেপে ঢেকে পারুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন। একই পরিণতি হয়েছে তাঁর বড় বোন পারভীনেরও (৩৮)। দুর্বৃত্তদের ছুড়ে মারা এসিডে ঝলসে গেছে দুই বোনেরই মুখ। থমকে গেছে তাঁদের জীবনও। তবে দুর্বৃত্তদের এখনো চিহ্নিতই করা যায়নি।বুধবার রাতে কাজ শেষে ভাই সেলিমের রিকশাতেই বাসায় ফিরছিলেন পারুল ও পারভীন। মোহাম্মদপুর বেড়িবাঁধ সেকশনের ঢালে অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎই ছুড়ে মারে তরল আগুন। ঝলসে যায় পারভীন আর পারুলের চোখ, মুখসহ শরীরের ওপরের অংশ। জ্যাকেট পরিহিত থাকায় পিঠে সামান্য দগ্ধ হন পারুল আর পারভীনের রিকশাচালক ভাই সেলিম। চিকিৎসকেরা জানিয়েছেন, দুই বোনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।গতকাল বার্ন ইউনিটে গিয়ে দেখা যায় নিঃসাড় পড়ে আছেন দুই বোন। থেমে থেমে কাঁদছেন আর কখনো বা যন্ত্রণার কষ্ট সইতে না পেরে গোঙাচ্ছেন। পারভীন জানান, একটা বিয়ের অনুষ্ঠানে পারুল নাচতে গিয়েছিলেন। পারুল নাচে ও গান গায়। সেখান থেকে তাঁকে আনতে গিয়েছিলেন পারভীন। রিকশা চালাচ্ছিলেন তাঁদেরই ভাই সেলিম। তাঁরা বংশালের মালিটোলার বাসায় যাচ্ছিলেন। পারভীন বলেন, রিকশাটি বেড়িবাঁধের ঢাল দিয়ে নামার সময় কে যেন হঠাৎই তরল কিছু একটা ছুুড়ে দিল। সঙ্গে সঙ্গেই জ্বলে উঠল মুখ। এ সময় তাঁরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়। তবে কারা, কেন তাঁদের এসিড ছুড়ে মারল এ বিষয়ে দুই বোনের কেউই মুখ খোলেননি।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক অধ্যাপক সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, পারুলের ১৮ শতাংশ আর পারভীনের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের মূলত মুখ, চোখ, বুক দগ্ধ হয়েছে। চোখের অবস্থা কী তা এখনই বলা যাচ্ছে না। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের সুস্থ করতে একাধিক অস্ত্রোপচার লাগতে পারেও বলে তিনি জানান।এ বিষয়ে হাজারীবাগ থানায় একটি মামলা করেছেন পারুল আক্তার। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক প্রথম আলোকে বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে। তবে ঘটনার শিকার দুই বোন মুখ খুলছেন না। পুলিশের নিজস্ব তদন্তে কয়েকটি বিষয় পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।