এসিডে পুড়েছে দেহ-মন এবার বুঝি যায় জীবন
ভালোবাসার মানুষটির হাত ধরে ঘর ছাড়েন! বিয়ের পর সেই সংসার টেকেনি বেশি দিন। স্বামী ও সাঙ্গপাঙ্গদের ছোড়া এসিডে ঝলসে যায় তাঁর শরীর, পোড়ে স্বপ্ন। মাস কয়েক আগের সেই ঘটনায় মামলা করেন তিনি। মামলা তুলে নিতে স্বামী এখন প্রাণনাশের হুমকি দিচ্ছেন তাঁকে।সমপ্রতি এমনি অভিযোগ করলেন সাবানা খাতুন (১৯)। বাড়ি তাঁর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি গ্রামে। আরেক মামলায় সাবানার বাবা-মা, ভাই, চাচা এখন কারাগারে। অভিভাবকহীন সাবানা তাই প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।গত বছরের জানুয়ারিতে মেহেরপুরের গাংনী উপজেলার তিরাইল সাজীপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ে হয় তাঁর। সাবানা জানান, চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। বাবা-মায়ের অমতে বিয়ে করায় পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাঁর। কিছুদিন পর জানতে পারেন, জাহাঙ্গীর আগেও একটি বিয়ে করেছেন। সেই ঘরে তাঁর ছেলেমেয়ে আছে। বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন তিনি। স্বামী-স্ত্রীতে মতবিরোধ দেখা দেয়। শুরু হয় ঝগড়াঝাটি। বিয়ের মাত্র নয় মাসের মাথায় স্বপ্ন ফিকে হয়ে যায়। বলে চলেন সাবানা।গত বছরের ২৫ নভেম্বর স্বামীর বাড়িতে একা ঘুময়ে ছিলেন। দুর্বৃত্তরা ঘরে ঢুকে এসিড ছোড়ে গায়ে। তারপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে তাঁকে। ততক্ষণে এসিড ও আগুনে শরীরের অধিকাংশ ঝলসে যায়। বিকৃত হয়ে যায় হাত-পা। বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে সহজে কোনো কাজ করতে পারেন না সাবানা। ঘটনার পর স্বামীসহ পাঁচজনকে আসামি করে গত ৬ ডিসেম্বর গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে।সাবানা অভিযোগ করেন, মামলা প্রত্যাহারের জন্য আসামিরা তাঁকে চাপ দিচ্ছে। না হলে তাঁকে মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছে। এখন ভয়ে তিনি চিকিৎসা নিতে পারছেন না। এদিকে গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িয়ে তাঁর মা-বাবা, ভাই ও চাচা এখন কারাগারে। গোপনে তাই আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। জীবনের নিরাপত্তা ও পড়ার সুযোগ পেলে নিজেকে নতুন করে সাজাতে চান সাবানা।জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মামলার ৩ নম্বর আসামি তিরাইল সাজীপাড়া গ্রামের রহমান শাহ বলেন, ‘ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে জানি না। তার পরও আমরা আপসের চেষ্টা করছি।’ মামলার অপর দুই আসামি আসমানখালি খরদা গ্রামের মিনার আলী ও মাহবুবুল ইসলাম জানান, রহমান শাহসহ তিরাইল গ্রামের কয়েকজন ঘটনাটি ঘটিয়েছেন। মামলায় তাঁদের ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক সাবানার এক আত্মীয় বলেন, ‘এসিডে সাবানার দেহ-মন সব পুড়েছে। এখন জীবনটা কেড়ে নিতে চাইছে দুর্বৃত্তরা।’গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। সাবানাকে আসামিদের প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি পুলিশ নজরে রাখছে।