এসিতে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, পাঁচজন দগ্ধ
রাজধানীর মগবাজারে একটি প্রতিষ্ঠানে গতকাল সোমবার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) গ্যাস ভরার সময় বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। মগবাজার রেলগেটসংলগ্ন সার্থ বিজনেস সেন্টার নামের এসি-ফ্রিজ মেরামত ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে টেকনিশিয়ান মো. সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে ভর্তি হওয়া অন্য চারজনের মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদার মাহবুব হাসানের শরীরের ৯ শতাংশ, প্রশিক্ষণার্থী মাসুম হোসেন পাটোয়ারীর ৫ শতাংশ, আহসান হাবীবের ৭ শতাংশ ও সারোয়ার হোসেনের ১২ শতাংশ পুড়ে গেছে।
সার্থ বিজনেস সেন্টারে এসি ও ফ্রিজ মেরামতের পাশাপাশি এসব কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কর্মী মাহবুব হোসেন জানান, সকাল ১০টার দিকে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয় শেখাচ্ছিলেন টেকনিশিয়ান সোহেল। এ সময় তিনি এসির আউটডোর ইউনিটে গ্যাস ভরছিলেন। প্রশিক্ষণার্থীরা কাছে থেকে তাঁকে সহায়তা করছিলেন। হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, গুরুতর দগ্ধ সোহেলকে বিশেষ পরিচর্যায় রাখা হয়েছে।