রাজধানীর মিরপুরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে নাজমুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে মারা গেছেন। একই ঘটনায় আহত পলাশ (২০) একই হাসপাতালে চিকিৎসাধীন।
এ ছাড়া গত দুদিনে এক শিশুসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে মিরপুরের কাজীপাড়ায় একটি প্রতিষ্ঠানে এসি মেরামত করছিলেন নাজমুল, পলাশসহ কয়েকজন। এসিতে গ্যাস সরবরাহের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে নাজমুল ও পলাশ দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। নাজমুলের শরীরের ৮১ শতাংশ ও পলাশের শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। গতকাল সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।
নাজমুলের গ্রামের বাড়ি যশোরে। তাঁর বাবার নাম আবু তালেব। কাফরুলের পূর্ব সেনপাড়া এলাকায় নাজমুল থাকতেন।
তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান বিকেলে প্রথম আলোকে বলেন, দগ্ধ হয়ে মৃত্যুর ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরে পোস্তগোলা এলাকায় এক বাড়ির তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শহীদুর রহমান (৮) নামের এক শিশু। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা তিনটার দিকে সে মারা যায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ত।
এদিকে বনানী থানার কড়াইল বস্তি এলাকার একটি ঘর থেকে গতকাল সকালে খালেদা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, রিকশাচালক স্বামী ফুল মিয়া তাঁকে হত্যা করে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ফুল মিয়াকে আটক করেছে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে খালেদা আত্মহত্যা করেন। তার পরও হত্যার অভিযোগ ওঠায় স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে কড়াইল বস্তির একটি ঘর থেকে নাজমা আক্তার (১৭) নামের আরেক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর চাচাতো বোন শিরিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নাজমার স্বামী বিদার রাঢ়ী তাঁকে হত্যা করেছেন।
বনানী থানার এসআই আবু মুসান্না বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হত্যার কারণ ও ধরন জানা যাবে। তবে অভিযোগ ওঠায় নাজমার স্বামীকে আটক করা হয়েছে।