এসির বিস্ফোরণে নাতির মৃত্যু, দাদি দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ারীর টিপু সুলতান সড়কের একটি বাড়িতে গতকাল শনিবার সকালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে ফাহিম শিকদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ হয়েছেন ফাহিমের দাদি পারুল বেগম (৬৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ফাহিম ধানমন্ডির অক্সফোর্ড স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। তার বাবা ফয়সাল শিকদার মক্কা মেটাল অ্যান্ড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাইজগাঁওয়ে।
পারুল বেগমের ছেলে ফারুক হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে চতুর্থ তলা ভবনটির তৃতীয় তলায় এসি ছাড়তে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিস্ফোরণে ফাহিমের ৯০ শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টায় তার মৃত্যু হয়। দাদি পারুল বেগমের শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদের ভাষ্য, সকাল সাতটার দিকে দগ্ধ দাদি-নাতিকে হাসপাতালে নেওয়া হয়।