এসেই হাওয়া তিস্তার পানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তা নদীতে গতকাল অপ্রত্যাশিতভাবে তিন হাজার ছয় কিউসেক পানি পাওয়া গেলেও আজ বুধবার তা এক হাজার ২৪২ কিউসেকে নেমে আসে। ছবিটি তিস্তা ব্যারেজের সামনে থেকে তোলা। ছবি: মীর মাহমুদুল হাসান, নীলফামারী
তিস্তা নদীতে গতকাল অপ্রত্যাশিতভাবে তিন হাজার ছয় কিউসেক পানি পাওয়া গেলেও আজ বুধবার তা এক হাজার ২৪২ কিউসেকে নেমে আসে। ছবিটি তিস্তা ব্যারেজের সামনে থেকে তোলা। ছবি: মীর মাহমুদুল হাসান, নীলফামারী

এক রাতেই তিস্তা নদীতে অর্ধেকেরও বেশি পানি কমে গেছে। গতকাল অপ্রত্যাশিতভাবে তিন হাজার ছয় কিউসেক পানি পাওয়া গেলেও আজ বুধবার তা এক হাজার ২৪২ কিউসেকে নেমে আসে।

দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল তিন হাজার ছয় কিউসেক পানি আসায় পানির অভাবে অকার্যকর হতে বসা তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প সচল হয়ে ওঠে। অপ্রত্যাশিতভাবে পানি পেয়ে ব্যস্ত হয়ে পড়েন ওই প্রকল্প এলাকার কৃষকেরা। কিন্তু রাতারাতি তাঁদের আশাভঙ্গ ঘটল। আবারও তিস্তায় পানিশূন্যতার সৃষ্টি হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ভারতের গজলডোবা ব্যারেজের মাধ্যমে ভারত যে সেচ প্রকল্প পরিচালনা করছে, সেখানে তাদের সেচ খালের ত্রুটির কারণে হয়তো ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছিল। এ জন্য মঙ্গলবার তিন হাজার ছয় কিউসেক পানি আসে। এখন সেই গেট বন্ধ করার সঙ্গে সঙ্গে পানি কমে গেছে।

ডালিয়া ব্যারেজ এলাকায় আজ সকালে কথা হয় ডিমলা উপজেলার সাতজান গ্রামের কৃষক রমজান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘মঙ্গলবার সেচ খালে পানি দেখে মনে করেছিলাম, আমাদের কষ্টটা হয়তো এবারের মতো গেল। কিন্তু আজ দেখছি পানি কমে গেছে। এখন সেচখালে যে পরিমাণ পানি আছে, তাতে হয়তো আগামী দুই-চার দিন সমস্যা হবে না। কিন্তু এরপর ভারত পানি না দিলে আমাদের সমস্যা থেকেই যাবে।’

এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর শুষ্ক মৌসুমে  তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। তিস্তায় দেখা যায় স্মরণকালের ভয়াবহ পানিশূন্যতা। ফলে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের আওতায় থাকা প্রধান সেচখাল দিনাজপুর, রংপুর ও বগুড়া খাল প্রায় শুকিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্পের আওতায় ৬০ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করে ২৫ হাজার হেক্টর জমিতে পালাক্রমে সেচ প্রদান করে। এটি তাদের লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। এতে করে ওই প্রকল্প এলাকা তিন জেলার ১২ উপজেলার বোরোচাষিরা বিপাকে পড়েন। পানির জন্য কৃষকদের মধ্যে হাহাকার শুরু হয়।