এসেছে গ্রাফিক নভেল 'মুজিব-৩'

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল মুজিব-৩ এসেছে অমর একুশে গ্রন্থমেলায়। বইটি প্রকাশ করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রকাশক বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল বইমেলায় সিআরআইয়ের স্টলে বইটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ নাহিম রাজ্জাক, গ্রাফিক শিল্পী সৈয়দ রাশাদ ইমাম তন্ময় প্রমুখ।
অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, এই বইটির যাবতীয় তদারকি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আত্মজীবনীকে শিশুদের উপযোগী করে তোলার চেষ্টা থেকেই এই গ্রাফিক নভেল প্রকাশ করা হচ্ছে। এর আগে এ সিরিজের দুটি বই প্রকাশিত হয়েছে। আরও নয়টি খণ্ড প্রকাশিত হবে।
এক বার্তায় প্রকাশকের বক্তব্যে রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, ‘ছোটবেলা থেকে মা-খালার কাছ থেকে নানার অনেক গল্প শুনতাম এবং অনেক প্রশ্ন করতাম। নানা কেমন ছিলেন, উনি কী করতেন ইত্যাদি। দুঃখের বিষয়, মায়ের কাছ থেকে গল্প শুনে স্কুলে গিয়ে বন্ধুদের বলতাম। তারপর দেখতাম অনেকে স্কুলে নানার নামই শোনেনি। বিশেষ করে আমাদের শিক্ষকেরা বঙ্গবন্ধুর নাম শুনে খুব ঘাবড়ে যেতেন। আমাকে বঙ্গবন্ধুর কথা স্কুলে বলতে নিষেধ করতেন। বঙ্গবন্ধুর কথা স্কুলে বলতে হয় না। একদিন এক শিক্ষক বললেন, নানা নানা কোরো, তোমার নানা বঙ্গবন্ধু ছিলেন না, তিনি ছিলেন বঙ্গ শত্রু। এসব শুনে খুব খারাপ লাগত। মাকে বলতাম, তুমি নানার কথা বলো তাঁকে কেউ চিনে না। শিক্ষকেরা নানার কথা বললে ঘাবড়ে যায়। এসব কথা শুনে মা বলতেন, তোমার নানার অনেক ধৈর্য ছিল। ধৈর্য ধরে থাকো, একদিন না একদিন সত্য কথা বেরিয়ে আসবে। তারপর বড় হতে থাকলাম। নেলসন ম্যান্ডেলা, উইনস্টন চার্চিল, জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীসহ বিশ্বের বড় বড় নেতাদের কমিক পড়তাম। এসব পড়ে পড়ে ভাবতাম একদিন না একদিন আমি নানাকে নিয়ে কমিক তৈরি করব। নতুন প্রজন্ম কমিক পড়ে সবকিছু জানতে পারবে।’
বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় সিআরআইয়ের স্টলে। এ ছাড়া বইটি পাওয়া যাবে শাহবাগের পাঠক সমাবেশ, পান্থপথের মাদল, আজিজ সুপার মার্কেটের বিদিত, কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়ামের সংহতি, কাক, নিউমার্কেটের নিউ বুক সোসাইটি, চট্টগ্রামের বাতিঘর, খুলনার মৃত্তিকা এবং রকমারি ডটকমে।