এসেছে সোনালি রঙের দিন
বিস্তীর্ণ বিল এখন সোনালি রূপ ধারণ করেছে। পাকা ধানের ম-ম গন্ধ চারদিকে। ভূমিহীন কৃষাণ-কৃষাণীদের ঠোঁটে সুখের হাসি। নতুন ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর সবাই। বিলজুড়ে চলছে আনন্দ উৎসব।
পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়া বিলে বন্দোবস্ত পাওয়া ১১০০ বিঘা খাসজমি থেকে ধান কাটা শুরু করেছেন ভূমিহীন কৃষাণ-কৃষাণীরা। স্থানীয়ভাবে এটিকে বলা হচ্ছে ‘ভূমিহীনদের ধান কাটা উৎসব’। বিলপাড়ের ৭৭৬টি ভূমিহীন পরিবারের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নিচ্ছেন এ উৎসবে।
গত সোমবার বিকেল পাঁচটায় কিছু ধান কেটে উৎসবের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেহেলী লায়লা। এ সময় আরও উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) নির্বাহী পরিচালক আতাউর রহমান, ভূমিহীন নারীদের সংগঠক চাম্পা খাতুন, আভা রানী, জরিনা খাতুন প্রমুখ।
বেশ কয়েকজন ভূমিহীন নারীর সঙ্গে কথা বলে জানা যায়, একসময় তাঁরা চলনবিলে মাছ ধরে ও দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালাতেন। অন্যের জমিতে কুঁড়েঘর তুলে থাকতেন। চলনবিল অঞ্চলের বিলকুড়ালিয়া বিলের শত শত একর খাসজমি ভোগ করতেন স্থানীয় জোতদাররা। প্রায় ২২ বছর আগে ভূমিহীনেরা একত্র হয়ে এই জমি বন্দোবস্ত পেতে আন্দোলন শুরু করেন। জোতদারদের বাধার মুখে পার হতে হয় বহু প্রতিকূলতা। শেষ পর্যন্ত ২০১৩ সালে সরকার ভূমিহীনদের মধ্যে বিলের জমি একসনা বন্দোবস্ত দিতে শুরু করে।
ভূমিহীন নারী আভা রানী বলেন, বিলের জমিতে ফসল ফলিয়ে তাঁর সংসারে সচ্ছলতা ফিরেছে। দুই ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তাই এই ধান তাঁদের কাছে অনেক বড় পাওয়া।
ভূমিহীন উন্নয়ন সংস্থার কর্মসূচি সমন্বয়ক (প্রোগ্রাম কো-অর্ডিনেটর) নুরে আলম সিদ্দিকী বলেন, বিলের চার পাড়ে ১ হাজার ৬০০ ভূমিহীন পরিবার রয়েছে। সম্মিলিতভাবে ৩২টি অগভীর ও তিনটি গভীর নলকূপের মাধ্যমে বন্দোবস্ত পাওয়া ১১০০ বিঘা জমিতে ধান আবাদ করা করেছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে ভূমিহীনদের ঘরে প্রায় ২৬ হাজার মণ বোরো ধান উঠবে।
ভূমিহীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আতাউর রহমান বলেন, এরই মধ্যে বিলপাড়ের ৭৭৬টি পরিবারের মধ্যে খাসজমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার দলিল হস্তান্তর করা হয়েছে। এখনো ৫০৪টি পরিবারের দলিল হস্তান্তর বাকি।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেহেলী লায়লা বলেন, ‘ভূমিহীনেরা তাঁদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। সোনালি ধানের জমি দেখে ভূমিহীনদের মুখের হাসি আমাকে মুগ্ধ করেছে। তাঁদের দাবি প্রতিষ্ঠায় সরকারও আন্তরিক। যাঁরা এখনো জমি বন্দোবস্ত পাননি খুব শিগগিরই তাঁদেরটাও হস্তান্তর করা হবে।’
একসময় বিলকুড়ালিয়া বিলের এসব খাসজমি স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিল। ভূমিহীনেরা সংগঠিত হয়ে ১৯৯২ সালে ১ হাজার ৪০০ বিঘা খাসজমি নিজেদের দখলে নেন। এরপর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২০১৩ সাল থেকে সরকার জমিগুলো ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দিতে শুরু করে।