এসো শতবর্ষে মিলি ইতিহাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চবিদ্যালয়। দেখতে দেখতে পার করেছে ১০০ বছর। তাই উপলক্ষটা খুব বিশেষ। এই বিশেষ ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আয়োজন করা হয়েছে শতবার্ষিকীর অনুষ্ঠান। এই উপলক্ষে গতকাল শুক্রবার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণ।
বর্তমান শিক্ষার্থীরা হইহুল্লোড়, জম্পেস আড্ডা ও উচ্ছ্বাস-আনন্দে মাতোয়ারা হয়েছে। আর প্রাক্তন শিক্ষার্থীরা ছেলেবেলার স্মৃতি রোমন্থন করেছেন। করেছেন শুভেচ্ছা বিনিময়।
বিদ্যালয়ে কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠান গতকাল সকালে উদ্বোধন করেন সব্যসাচী লেখক, কবি ও নাট্যকার সৈয়দ শামসুল হক। তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
বিদ্যালয়ের মাঠে পা রেখেই সৈয়দ শামসুল হক দুচোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘স্কুলে আসতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমি সৌভাগ্যবান এ কারণে যে শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। বিদ্যালয়ে যে কত স্মৃতি জড়িয়ে আছে, তা কি কখনো ভোলা যায়।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদ্যাপন পরিষদের সভাপতি পনির উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। এতে স্বাগত বক্তব্য দেন উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মতলুবর রহমান খান। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলী, মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল ইসলাম ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজিউর ইসলাম।
বিকেল তিনটায় শুরু হয় আলোচনা ও স্মৃতিচারণা পর্ব। এই সময় বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য বাল্যকালে ফিরে যান। চোখের জলে বুক ভাসান। এই সময় সৈয়দ শামসুল হক, বিশিষ্ট আইনজীবী কে এস আলী আহমেদ, প্রাক্তন শিক্ষক সামিউল হক, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক তপন রুদ্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ ও সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান এবং প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।