এসো হে বৈশাখে মুখরিত সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো হে বৈশাখ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল সারা দেশ। নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় এ ধ্বনিতে একাকার হয়ে যায় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নতুন বছর ‘১৪১৭’। নাচ, গান, নাটক, লাঠিখেলা, ঘুড়ি প্রতিযোগিতা, নৌকাবাইচ, মোরগের লড়াই, রং ছিটানো, হাঁড়ি ভাঙা, পালাগান, জারিগান আর পান্তা-ইলিশ খাওয়ার মধ্য দিয়ে বাঙালি বরণ করে নিয়েছে নতুন বর্ষকে। তবে ইলিশের দাম আকাশছোঁয়া হওয়ায় কোথাও কোথাও এবার পান্তার সঙ্গে আলু ও শুঁটকিভর্তা এবং সজনে-ডালের কদর ছিল বেশি। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ স্টেডিয়াম থেকে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয় সকালে। এটি সারা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বাঙালির বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, শিশু-কিশোর সমাবেশ, লোকসংগীত ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। কিশোরগঞ্জ বন্ধুসভা টোকাইদের নিয়ে আয়োজন করে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। কটিয়াদী (কিশোরগঞ্জ): স্কুল-কলেজের ছেলেমেয়েরা সকালেই উপজেলা সদরে শোভাযাত্রা বের করে। পরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জারিগান ও বাউলগানের আয়োজন করা হয়। তবে এবার কটিয়াদীতে ইলিশের পরিবর্তে পান্তার সঙ্গে আলুভর্তা, শুঁটকিভর্তা ও সজনের সঙ্গে ডাল প্রাধান্য পেয়েছে। এ ব্যাপারে কটিয়াদী পাইলট বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক আলমগীর কবির বলেন, ‘বাজারে ইলিশ নেই। যাও আছে একেবারে ছোট এবং দাম অস্বাভাবিক। তাই এবার বর্ষবরণে ভর্তা-পান্তা সবার নজর কেড়েছে।’সিলেট: সিলেট নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজ, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, জেলা প্রশাসন ময়দান ও সিলেট সিটি করপোরেশনসহ নগরের অর্ধশতাধিক স্থানে নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল গান, নৃত্য ও কবিতা আবৃত্তি। এ ছাড়া লাঠিখেলা, মোরগ লড়াই, হাঁড়ি ভাঙা, ধামাইল গান, পুঁথিপাঠ, বাউলগান, ঢোলবাদ্য প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজ, মণিপুরি নৃত্য, চড়ক ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথ সদরে সকাল থেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ দলে দলে এসে জড়ো হয়। প্রধান সড়কগুলোতে কিছুক্ষণ পর পর বিভিন্ন সংগঠনের উদ্যোগে ট্রাক মিছিল ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীরা মেতে ওঠে রং ছিটানোর প্রতিযোগিতায়। পান্তা-ইলিশ খাওয়ার পাশাপাশি বিশ্বনাথ থিয়েটার, পল্লী বাংলা মিডিয়া পরিবার, হাজি মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় মোরগের লড়াই, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টায় শোভাযাত্রা বের করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে বসে বৈশাখী মেলা। চলে বিকেল পর্যন্ত। কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সন্ধ্যায় কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজন করা হয় চলচ্চিত্র প্রদর্শনীর।কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের পাশে আয়োজন করা হয় বিশাল ঘুড়ি উৎসবের। এতে ৫০ জন ঘুড়িওয়ালা অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, নজরুল ইসলাম ভূঁইয়া, কাজিম উদ্দিন প্রমুখ। এতে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রঞ্জু মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ঘুড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়: নববর্ষের প্রথম দিনে ছিল ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাংস্কৃতিক সংগঠন সৃজনীর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই একই দিন বর্ষবরণ ও সৃজনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়মনসিংহ: পয়লা বৈশাখে অপরূপ সাজে সেজেছিল ময়মনসিংহ শহর। বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এ ছাড়া ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ এবং নদসংলগ্ন বৈশাখী চত্বরে ঘুড়ি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।ত্রিশাল (ময়মনসিংহ): কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সকাল সাতটায় সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের মূল কর্মসূচি। বেলা ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি ত্রিশাল শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নজরুল একাডেমি মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় সাংসদ রেজা আলীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়। বর্ষবরণের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ।শেরপুর: ভোরেই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। পরে সকাল আটটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় আরেকটি শোভাযাত্রা। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এসে শেষ হয়। পরে এখানে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান।মৌলভীবাজার: জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজিত বৈশাখী মেলা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ করা হয়েছে। সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয় দুই দিনব্যাপী বৈশাখী মেলার। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান ও নাচ পরিবেশন করে এবং নাটক মঞ্চস্থ হয়। উদীচী শিল্পীগোষ্ঠী প্রেসক্লাব চত্বরে আয়োজন করে আবহসংগীতের। মৌলভীবাজার সরকারি কলেজে হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ উদ্যাপন পরিষদ মনু ব্যারেজ এলাকায় আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের।কমলগঞ্জ (মৌলভীবাজার) : পয়লা বৈশাখ রাত ১০টায় আদমপুর ঘোড়ামারা নট মণ্ডপে মণিপুরি থিয়েটারের নাটক লক্ষ্মী গীতা নক মঞ্চায়নের মাধ্যমে বিষু উৎসব ও বর্ষবরণ শুরু হয়েছে। নববর্ষ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ ছাড়া উপজেলা প্রশাসন, শমশেরনগর বৈশাখ উদ্যাপন কমিটি, পতনঊষার ও মুন্সীবাজার বৈশাখ উদ্যাপন কমিটি নানা অনুষ্ঠানের আয়োজন করে। শমশেরনগর ও পতনঊষারে বসে বিশাল বৈশাখী মেলা।