এহছানুল হকের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাদা দুটি মামলায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হকের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ তাঁর আবেদনের শুনানি নিয়ে ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
আদালতে এহছানুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম মুনীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
ফারমার্স ব্যাংকে বোমা হামলার অভিযোগে গত ৪ নভেম্বর রাজধানীর গুলশান থানায় এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে লাঞ্ছিত করার অভিযোগে ১৭ জানুয়ারি চাঁদপুরের কচুয়া থানায় দুটি মামলা হয়। এসব মামলায় গতকাল হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান বিএনপির নেতা এহছানুল হক।