এহসানের গ্রাহকদের টাকা ফেরতের দাবি
যশোরে এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ও এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিনিয়োগকারীরা তাঁদের টাকা ফেরতের দাবি জানিয়েছেন। দুটি প্রতিষ্ঠানের অন্তত ২৫ জন বিনিয়োগকারী গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওই দাবি জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ও এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নানা ধরনের প্রলোভন দেখিয়ে তাঁদের বিনিয়োগে উৎসাহী করে তোলেন। এভাবে যশোরের অন্তত ১০ হাজার গ্রাহক তাঁদের ফাঁদে পা দিয়েছেন। এখন প্রতিষ্ঠান দুটি গ্রাহকদের মুনাফা দেওয়া বন্ধ করে দিয়েছে। আসল টাকাও ফেরত দিচ্ছে না। প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা গা-ঢাকা দিয়েছেন। তাঁদের মুঠোফোন নম্বর বন্ধ। কার্যালয়ে মাস্তান ধরনের লোকজন বসিয়ে রাখা হয়েছে। গ্রাহকেরা টাকা চাইতে গেলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। টাকা উদ্ধারের জন্য গ্রাহকদের নিয়ে ইতিমধ্যে একটি আন্দোলন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘আমি, আব্বা ও চাচা মিলে ওই প্রতিষ্ঠানে ১৬ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ করেছি। মাসে প্রতি লাখে এক হাজার ৬০০ টাকা করে মুনাফা দেওয়ার কথা। কিন্তু সাত-আট মাস ধরে মুনাফা দেওয়া হচ্ছে না। আসল টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে আসা শহরের বারান্দিপাড়া এলাকার কুলছুম বেগম বলেন, ‘কম দামে জমি বিক্রি করে চার লাখ ৮০ হাজার টাকা দিয়েছি। এখন মুনাফাও দেচ্ছে না, আসল টাকাও দিচ্ছে না। না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে।’
সম্মেলনে আন্দোলন কমিটির সভাপতি মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক মো. রোকন, সেলিমুল আজম, সামছুর রহমানসহ ২৫ জন গ্রাহক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক শেখ শাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে জমি কেনা হয়েছে। অন্তত ১০০ কোটি টাকা মূল্যের জমি রয়েছে। জমিজমা কেনাবেচায় এখন চরম মন্দাভাব চলছে। যে কারণে জমি বেচা যাচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।