এহেন মন্ত্রীভাগ্যেও হতাশ বেড়াবাসী
মহাজোট সরকারের সময়ে দেশের অনেক জেলা ছিল মন্ত্রীশূন্য। কিন্তু পাবনার বেড়া উপজেলাবাসীর ভাগ্য এ ক্ষেত্রে অসাধারণ। এ উপজেলার তিনজন বাসিন্দা মহাজোট সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, বর্তমান নির্বাচনকালীন সরকারেও তাঁরা মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
তাঁদের একজন হলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান (পদমর্যাদায় প্রতিমন্ত্রী) মির্জা আবদুল জলিল।
এ কে খন্দকারের বাড়ি উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামে, টুকুর বাড়ি বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লায় ও মির্জা আবদুল জলিলের বাড়ি উপজেলার জয়নগর গ্রামে। এবারই শুধু নয়, বেশির ভাগ সরকারের সময়ই বেড়া উপজেলার কেউ না কেউ মন্ত্রী হয়েছেন। তবে একসঙ্গে তিনজনের মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এবারই প্রথম। এলাকার অনেকে জানান, এমন মন্ত্রীভাগ্যে উপজেলাবাসী মহাজোট সরকারের প্রথম ভাগে উন্নয়নের স্বপ্নে আনন্দিত থাকলেও এখন তাঁরা হতাশ। গত পাঁচ বছরে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করলেও উপজেলাবাসীর কাছে তা প্রত্যাশার চেয়ে কম। বেড়াবাসী দীর্ঘদিন ধরে যেসব উন্নয়ন কর্মকাণ্ডের দাবি করে আসছে সেগুলোর বেশির ভাগই পূরণ হয়নি। বেড়ায় কোনো সরকারি কলেজ ও উচ্চবিদ্যালয় নেই। দীর্ঘদিন ধরে বেড়াবাসীর দাবি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বেড়া কলেজ ও ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত বেড়া বিবি উচ্চবিদ্যালয়কে সরকারি করার। এ ছাড়া বেড়া ডাকবাংলা থেকে শাহাজাদপুরের চরবর্ণিয়া পর্যন্ত হুরাসাগর নদের ওপর একটি সেতু নির্মাণের দাবি রয়েছে বেড়াবাসীর। বেড়াবাসীর অন্য দাবির মধ্যে রয়েছে বেড়ায় শিল্পপার্ক স্থাপন, শিশুপার্ক স্থাপন, বেড়া নৌবন্দর পুনরুজ্জীবিতকরণ প্রভৃতি। তবে গত পাঁচ বছরে উপজেলায় চোখে পড়ার মতো যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তার মধ্যে রয়েছে বৃশালিখায় ৭০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন, নগরবাড়ীতে মেরিন একাডেমি প্রতিষ্ঠা, আমিনপুর থানা প্রতিষ্ঠা, ঈশ্বরদী থেকে বেড়ার ঢালারচর পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ শুরু প্রভৃতি।
এলাকার অনেকে আরও জানান, এর আগেও বেড়াবাসী ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছেন। ১৯৭৯ সালে বেড়ায় প্রথম মন্ত্রী হন জয়নগর গ্রামের মির্জা আবদুল হালিম। তিনি জিয়াউর রহমান সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী ছিলেন। এরশাদ সরকারের সময় এ কে খন্দকার পরিকল্পনামন্ত্রী ও নাকালিয়া গ্রামের মেজর (অব.) মনজুর কাদের ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের সংস্থাপন প্রতিমন্ত্রী হন ঘোপসেলন্দা গ্রামের ওসমান গণি খান (ওজি খান)। ১৯৯৬ সালে হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী হন বৃশালিখা মহল্লার অধ্যাপক আবু সাইয়িদ। এরপর চারদলীয় সরকারের (২০০১-২০০৬) মন্ত্রী হন পাবনা-১ আসনের (সাঁথিয়া ও বেড়ার একাংশ) তৎকালীন সাংসদ মতিউর রহমান নিজামী। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীর সময়েও উপজেলায় উল্লেখ করার মতো তেমন কোনো উন্নয়ন হয়নি।
বেড়া বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান ও হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, এবার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর কাছে এলাকাবাসীর অনেক প্রত্যাশা ছিল। তাঁরা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া কলেজের এক শিক্ষক বলেন, সব সরকারের সময়েই বেড়ায় মন্ত্রীর ছড়াছড়ি। কিন্তু উন্নয়ন তো হয় না।
তবে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘গত ৪২ বছরের মধ্যে আমাদের সময়ে বেড়ায় সর্বোচ্চ উন্নয়ন হয়েছে।’ বেড়ার আমিনপুরে থানা উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানান, বর্তমান সরকারের সময়ে বেড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে।