এ্যাননটেক্স গ্রুপের প্রতিবাদ
১১ মার্চ প্রথম আলোতে প্রকাশিত ‘একক ঋণে বৃহত্তম কেলেঙ্কারি: অভিযোগ ছিল গাড়ি চুরির, এখন বড় শিল্পপতি’ ও অন্য সংস্করণে ‘গাড়িচোরের ২২ শিল্পপ্রতিষ্ঠান’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এ্যাননটেক্স গ্রুপ। এ ছাড়া ৫ ফেব্রুয়ারি ‘একক ব্যক্তির ঋণের বৃহত্তম কেলেঙ্কারি’ ও ৬ ফেব্রুয়ারি ‘ঋণ কম দেখাতেও চাতুর্য’ শীর্ষক সংবাদের আবারও প্রতিবাদ জানিয়েছে গ্রুপটি। প্রতিবাদে বলা হয়েছে, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর, ব্যক্তিগত আক্রমণাত্মক ও উদ্দেশ্যপ্রণোদিত।
গ্রুপের পরিচালক (প্রশাসন) আনোয়ারুল ইসলাম ফেরদৌস স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, এ্যাননটেক্স গ্রুপের ব্যবসা ২০০০ সালের পূর্ব থেকেই শুরু হয়েছে। ২০০৭ সালে জরুরি অবস্থা চলাকালে অন্য ব্যবসায়ীদের মতো এ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুছ বাদলের চরিত্র হননের জন্য গ্রেপ্তার নাটক সাজানো হয়। আদালত ২০০৮ সালে এই মামলা থেকে তাঁকে খালাস দেন। কথিত মামলাটি ছিল ৩৭৯ ধারায় অর্থাৎ সন্দেহভাজন চুরি। আদালত চূড়ান্ত রায়ে বিবাদীদের ওই মামলায় কোনো সম্পৃক্ততা নেই মর্মে নিষ্পত্তি করেন। এ অবস্থায় ইউনুছ বাদলকে গাড়িচোর চক্রের নেতা বা হোতা হিসেবে পরিচয় দেওয়া এবং সংবাদ প্রকাশ করা অপরাধ। এ ধরনের প্রতিবেদন এ্যাননটেক্স গ্রুপের দীর্ঘদিনের অর্জিত ব্যবসায়িক সুনাম ধ্বংস করার পাশাপাশি ইউনুছ বাদলের ব্যক্তিগত ভাবমূর্তি, অর্জিত সুনাম মারাত্মক ক্ষতিগ্রস্ত করাসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে একটি অসাধু মহলের পরিকল্পিত অপচেষ্টা।
প্রতিবাদে আরও বলা হয়েছে, এ ছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যাপ্ত জামানত রাখাসহ সব নিয়মকানুন মেনে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে এবং নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করা হচ্ছে। এই ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংক বা জনতা ব্যাংক কর্তৃপক্ষ কোনো আপত্তি উত্থাপন করেনি। বরং এই ঋণে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।