এ্যানি-পারওয়ারের সম্পদ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতের দুই নেতাসহ তিন ব্যক্তির অবৈধ সম্পদ অনুসন্ধানে তিন তদন্ত কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের বৈঠকে তাঁদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অবৈধ সম্পদের অনুসন্ধান করবেন দুদকের উপপরিচালক খন্দকার খলিলুর রহমান। খুলনা-৫ আসনের সাবেক সাংসদ ও জামায়াতের নেতা মিয়া গোলাম পারওয়ারের সম্পদের অনুসন্ধান করবেন দুদকের উপপরিচালক খলিলউদ্দিন পাটোয়ারী এবং ব্যবসায়ী রেজাব-উদ-দৌল্লার সম্পদের অনুসন্ধান করবেন উপপরিচালক আবদুস সাত্তার।

এর আগে মহাজোটের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদি, সাংসদ আসলামুল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক সাংসদ এম এ জব্বার ও এনামুল হকের হলফনামা নিয়ে অনুসন্ধানের জন্য সাত কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিল কমিশন।

দুদক সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায় থেকে কিছু ব্যক্তির অনিয়মের বিষয়ে অনুসন্ধান করতে দুদক কর্তৃপক্ষকে বলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও এসব ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের তথ্য দুদককে দেওয়া হয়েছে।