এ্যানিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল রোববার পল্টন থানার দ্রুত বিচার আইনের মামলাটিসহ একই থানার দুটি মামলা এবং একই আইনে শাহজাহানপুর থানার আরেকটি মামলায় বিএনপির ১০০-এর বেশি নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তিনটি মামলায় প্রায় একই আসামিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
আসামিপক্ষে অভিযোগ গঠনের জন্য সময় চেয়ে আবেদন করা হয়। সময় আবেদন শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক কোনো সময় দেওয়া যাবে না বলে অভিযোগ গঠন শুনানি করতে বলেন। আংশিক শুনানি শেষে আসামিপক্ষ পূর্ণাঙ্গ শুনানির জন্য সময়ের আবেদন করেন।
পরে আদালত পল্টন থানার একটি মামলার শুনানির জন্য সময়ের আবেদন মঞ্জুর করে অধিকতর শুনানির জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেন। এ সময় আদালত উপস্থিতির জন্য সময়ের আবেদন নাকচ করে শহীদ উদ্দীন চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে এবং কোনো পদক্ষেপ না থাকায় একজনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারি হওয়া অন্যরা হলেন: নুর মোহাম্মদ, সেলিম উদ্দিন, তালেব মাহমুদ এবং মাহমুদুল হাসান।
এ মামলায় প্রথম থেকেই পলাতক রয়েছেন আজিজুল বারী হেলাল, আমিরুল ইসলাম আলিম, হামিদুর রহমান হামিদ, মামুন হাসান, ইসহাক সরকার, খন্দকার এনামুল হক, হুমায়ুন কবির রওশন, ফখর উদ্দিন মানিক, দেলোয়ার হোসেন সাইদী, মাওলানা রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম এবং রেজাউল করিম। তাঁদের বিরুদ্ধে আগেই প্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।