এয়ার মার্শাল ইনামুল বারী বিমানের নতুন চেয়ারম্যান
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের নতুন চেয়ারম্যান হলেন বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী। তাঁকে চেয়ারম্যান করে ২০১৬ সালের জন্য বিমানের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার লক্ষ্যে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার বিমানকে কোম্পানিতে রূপান্তরিত করে। এরপর দুই বছর প্রতিষ্ঠানটি লাভ করে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিমানবাহিনীর সাবেক প্রধান জামালউদ্দিন আহমেদকে বিমানের চেয়ারম্যান করে। এরপর বিমান আবার লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। জামালউদ্দিন নানা বিতর্ক ও সমালোচনা সত্ত্বেও টানা সাত বছর বিমানের চেয়ারম্যান ছিলেন।
গতকাল ঘোষিত নতুন পর্ষদের সাতজনই পদাধিকারবলে এর সদস্য। তাঁরা হলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এহসানুল গনি চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, বিমানবাহিনীর সহকারী প্রধান (অপারেশন অ্যান্ড ট্রেনিং) এয়ার ভাইস মার্শাল নাইম হাসান ও বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (অব.) উইং কমান্ডার আসাদুজ্জামান। এর বাইরে নবগঠিত পর্ষদের বাকি সদস্যরা হলেন সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিব-উল আলম, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ও ইমার্জিং রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর-ই-খোদা আবদুল মবিন।