এ-ই তো মেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইমেলায় গতকাল ছিল শিশুপ্রহর। স্টলে স্টলে বইয়ের পাতায় শিশুদের কৌতূহলী চোখ l ছবি: প্রথম আলো
বইমেলায় গতকাল ছিল শিশুপ্রহর। স্টলে স্টলে বইয়ের পাতায় শিশুদের কৌতূহলী চোখ l ছবি: প্রথম আলো

ডিজিটাল বই যে এখনো ছাপা বইয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি, সেটাই দেখাল গতকাল শুক্রবারের বইমেলা। এদিন ছিল বইমেলা শুরুর পর প্রথম ছুটির দিন। বেলা ১১টায় মেলার দ্বার খুলে দেওয়া হয়। দুপুর পর্যন্ত শিশুরা ঘুরে বেড়িয়েছে সেখানে। বিকেল থেকেই বাড়তে থাকে ভিড়। আর তাতেই স্বস্তির ছায়া পড়ে প্রকাশকদের মুখে।
‘মেলায় আসলেন না ভাই...আজ তো মেলা শুরু হয়ে গেছে’—নিজের স্টলের সামনে কাকে যেন মুঠোফোনে বলছিলেন সময় প্রকাশনের ফরিদ আহমেদ। ফোন রেখে ব্যাখ্যা করলেন তৃতীয় দিনে মেলা শুরু হওয়ার বিষয়টি। ‘আমরা প্রথম শুক্রবারকেই মনে করি মেলা শুরু হওয়ার দিন। লাইন ধরে মানুষ ঢুকবে। বই দেখবে, কিনবে, আড্ডা দেবে। এই না হলে কি মেলা হয়? এ-ই তো মেলা!’ মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আশাবাদী হলেও নিজের প্রতিষ্ঠানের অবস্থানে তাঁকে হতাশই মনে হলো। সোহরাওয়ার্দী উদ্যানের মেলার মূল প্রবেশপথ দিয়ে ঢুকে হাতের বাঁ পাশে তাঁর প্যাভিলিয়ন। কিন্তু সার্বিক নকশা এবং কিছু স্থাপনা এমনভাবে করা হয়েছে যে এদিকটায় না ঢুকে দর্শনার্থীরা চলে যায় ভেতরে।
সময় প্রকাশন থেকে আরেকটু এগিয়ে গেলে মিলবে প্রথমা প্রকাশন। গতকাল বিকেলে এখানে দেখা গেল যথেষ্ট ভিড়। জনপ্রিয় লেখক আনিসুল হক এখানে। জানালেন প্রথমা থেকে এসেছে তাঁর নতুন বই প্রিয় এই পৃথিবী ছেড়ে এবং হ্যাপি বার্থ ডে টু ইউ। এর মধ্যে হ্যাপি বার্থ ডে টু ইউ ছোটদের বই।
সকালে ছোটরা বিকেলে বড়রা

.
.

আগেই জানানো হয়েছিল, শুক্রবার শিশুপ্রহর। এ সুযোগ কাজে লাগিয়েছে শিশু ও অভিভাবকেরা। ছোটরা বাবা-মায়ের হাত ধরে কিংবা কোলে চড়ে নির্ধারিত সময়ের আগেই হাজির হয় মেলার সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে। এখানে তাদের জন্য বই ছাড়াও আনন্দে মেতে থাকার জন্য নানা আয়োজন ছিল। মঞ্চে নানা ধরনের শিক্ষণীয় খেলায় অংশ নিয়ে অন্য রকম একটি দিন পার করেছে শিশুরা। দুপুর ১২টায় মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বাবা-মায়ের হাত ধরে কিংবা কোলেপিঠে চড়ে এ সময়ে পুরো মেলা প্রাঙ্গণে রীতিমতো দৌড়ঝাঁপে ব্যস্ত শিশুরা। আর নিজেরাই পছন্দ করে কিনেছে নতুন বই। মেলার মাঝখানে পাঞ্জেরী পাবলিকেশনসের প্যাভিলিয়নের সামনে ছিল উদয়ন স্কুলের আদ্রিতা। সে বলে, ‘বেসিক আলী সিরিজের বইগুলো আমার খুব ভালো লাগে। ফেব্রুয়ারি এলে মেলা থেকে সারা বছরের জন্য বেসিক আলী কিনে রাখি।’
শেরেবাংলা স্কুলের এষা মণি মন ভার করে ঘুরছিল মায়ের হাত ধরে। কারণ জানতে চাইলে এষার মা বললেন, ‘সারা দিন ডাইনোসরের বই নিয়ে বসে থাকে। ঘরে প্রচুর ডাইনোসরের বই। এখন কিনে দিইনি বলে রাগ করছে মেয়েটা।’
বিকেলে মেলার দুই অংশে নজরে আসে বইপ্রেমীদের ঢল। সোহরাওয়ার্দী উদ্যানে এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে সারিবদ্ধভাবে দর্শনার্থী-পাঠক প্রবেশ করতে থাকে। সন্ধ্যায় ছিল হাজারও প্রাণের কল্লোল। ভিড়ের সঙ্গে দেদার বিক্রি হয়েছে বই। প্রকাশকদের অনেককেই উৎফুল্ল দেখা যায়।
গতকালই মেলায় প্রথম এসেছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বলেন, ‘মেলার তৃতীয় দিনেই এত মানুষের সমাগম ভাবাই যায় না। গতবারও মেলা ভালো হয়েছে। মনে হচ্ছে, এবার মেলা তার চেয়েও ভালো হবে।’
বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, আজ শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় শিশুপ্রহর। বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে মেলা।
এসেছে নতুন ১৩০ বই
একাডেমির তথ্যকেন্দ্রের তথ্যানুযায়ী, গতকাল মেলায় নতুন ১৩০টি বই এসেছে। এ ছাড়া গতকাল মেলায় ১৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে রেহমান সোবহানের বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য। ১৯৬০-এর দশক থেকে ১৯৭১ পর্যন্ত দেশে-বিদেশে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের নানা পর্বের ঘটনাবলি একজন প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারী হিসেবে নিজের অভিজ্ঞতার আলোকে লেখক এ বইয়ে তুলে ধরেছেন বলে জানালেন প্রথমার একজন বিক্রয় প্রতিনিধি।
আগামী প্রকাশনী থেকে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত প্রবন্ধ। বেঙ্গল পাবলিকেশন্স এনেছে আবুল আহসান চৌধুরীর লালন সাঁই—মরমি ও দ্রোহী, সময় প্রকাশন এনেছে মুনতাসীর মামুনের উনিশ শতকে পূর্ববঙ্গের থিয়েটার ও নাটক, তাম্রলিপি মেলায় এনেছে মুহম্মদ জাফর ইকবালের রিটিন।