আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করে তারপর জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হবে।গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে এ কথা বলেন মাহবুব উল আলম হানিফ। গণজাগরণ মঞ্চ থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার যে দাবি করা হয়েছে, তা কি জামায়াতকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট নয়—এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘শাহবাগের আন্দোলন মূলত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। এত কিছুর পরও বিএনপি জঙ্গিবাদী জামায়াতকে রক্ষা করে চলেছে। প্রধান বিরোধী দল বিপক্ষে থাকলে জামায়াত নিষিদ্ধ করা কঠিন হবে। আশা করি, গণচাপে বিএনপি একপর্যায়ে তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে। তখন জামায়াতকে নিষিদ্ধ করা সহজ হয়ে যাবে।’বৈঠকের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানাতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারে সামনের রায়গুলোতে প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হবে—১৪ দলের বৈঠকে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। ১৪ দল আশা করে, আপিলে কাদের মোল্লারও সর্বোচ্চ শাস্তি হবে। জামায়াত-শিবিরের গত দুই দিনের তাণ্ডবের নিন্দা করেছে ১৪ দল। এ ছাড়া তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য জাতীয় ঐকমত্য তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি: মাহবুব উল আলম হানিফ জানান, মানবতাবিরোধী অপরাধের বিচারে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি এবং জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ১৪ দল। এ ছাড়া পূর্বঘোষণা অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি সারা দেশে গণপদযাত্রা পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে হেমায়েতপুর থেকে সাভার বাজার, টঙ্গী থেকে আবদুল্লাহপুর এবং সিদ্ধিরগঞ্জ থেকে কাঁচপুর সেতু পর্যন্ত গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনকে চলতে দিয়ে পাশাপাশি নিজেরাও কর্মসূচি নিয়ে মাঠে থাকার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রমুখ।