ঐকমত্যের সরকার গঠন করতে চান শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দশম জাতীয় সংসদ নির্বাচনে না এসে বিএনপি নেত্রী একুল-ওকুল দুকুলই হারিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি (খালেদা জিয়া) নির্বাচনেও অংশ নেননি, আর বিরোধীদলীয় নেতাও থাকতে পারছেন না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
আজ সোমবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের এক দিন পর আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের খোলা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা কাজ করে যাব। উজানে নাও ঠেলে যাওয়াই তো আমাদের কাজ। আমরা এগিয়ে যাচ্ছি।’
অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আলোচনার উদ্যোগ আমি নিয়েছিলাম। আমি বারবার উদ্যোগ নিয়েছি, নিজে বিরোধীদলীয় নেতাকে টেলিফোন করেছি। এখন ওনার অবস্থা হলো, উনি একুল-ওকুল দুকুলই হারিয়েছেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আমরা সবার সঙ্গে কথা বলব।’

জঙ্গিবাদে বিশ্বাসীরা নির্বাচনে যায়নি

শেখ হাসিনা বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা নির্বাচনে অংশ নিয়েছে। গতকাল অনুষ্ঠিত নির্বাচন তাঁর ভাষায়, নতুন প্রজন্মের জন্য উপহার। এর মাধ্যমে লাখো শহীদের রক্তে অর্জিত সোনার বাংলা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাসী তারাই নির্বাচনে অংশ নিয়েছে। যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তারা নির্বাচনে যায়নি।’

তবে, নির্বাচন বর্জনকারী বামপন্থী দলও মুক্তিযুদ্ধবিরোধী কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে শেখ হাসিনা বলেছেন, ‘কমিউনিস্ট পার্টির যেগুলো ছিল ভালো, পাকা পাকা তাদের আমি নিয়ে নিয়েছি। বাকিরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে করতে ক্ষুদ্রাতিক্ষুদ্র হয়ে যাচ্ছে।’

এরশাদ তো ভালোই আছেন

নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার কয়েক দিন পরে সিএমএইচে ‘আটক’ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে করা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, তিনি তো গলফ খেলছেন, চিকিত্সা নিচ্ছেন, ভালোই আছেন, সবাই ভালো আছেন। সরকার গঠন সম্পর্কে তাঁর বক্তব্য তিনি সবাইকে নিয়ে ঐকমত্যের সরকার গঠন করতে চান। তবে এ কথা বলার পর হেসে বলেন, আবার বিরোধী দলও তো লাগবে।

এর চেয়েও খারাপ নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে

সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ (স্যাংশন) আরোপ হতে পারে, এমন আশঙ্কার কথা প্রকাশ করে পত্র-পত্রিকায় খবর বেরিয়েছে। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কী করেছে যে স্যাংশন আরোপ করতে হবে। অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, বছরের প্রথম দিনে ৩০ কোটি বই ছাপিয়ে ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া, পোশাক রপ্তানিসহ সরকারের কয়েকটি সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, যারা বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা এমনটা চায়। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা রং চড়িয়ে এসব প্রচার করে। গণতন্ত্র এলে এরা বিশেষ নজর পায় না। এর চেয়েও খারাপ পরিস্থিতিতে বিভিন্ন দেশে নির্বাচন হয়েছে। তার পরও দেশগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে।

গণতন্ত্রের স্বার্থে বিএনপির সঙ্গে আলোচনায় আগ্রহী

শেখ হাসিনা এখনো গণতন্ত্র ও জনগণের স্বার্থে বিএনপির সঙ্গে আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন। তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়ে নির্দেশনা আছে। যতক্ষণ এরা বিএনপির ঘাড়ে চেপে থাকবে ততক্ষণ সুস্থভাবে তারা ভাবতে পারবে না। আলোচনায় বসতে হলে আগে জামায়াতের সঙ্গ ছেড়ে, সহিংসতার পথ পরিহার করতে হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

শেখ হাসিনা দাবি করেছেন, তিনি বিরোধী দলকে নির্বাচনে আনতে চেয়েছিলেন বলেই ‘নিজে’ খালেদা জিয়াকে ফোন করেছিলেন। তাঁর অভিযোগ, খালেদা জিয়া নির্বাচনে না এসে সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। তিনি নির্বাচন কর্মকর্তাকে হত্যা, বোমা মেরে, পেট্রল ঢেলে সাধারণ মানুষকে হত্যা, সবজির ট্রাকে, চালের ট্রাকে, গরুর ট্রাকে আগুন ধরিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন।

জামায়াতকে নিষিদ্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট আছে। তাই এ বিষয়ে এখনই তিনি কিছু বলতে চান না।

দুর্নীতিবাজরা আশ্রয়-প্রশ্রয় পাবেন না

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় বেশ কিছু মন্ত্রী-সাংসদের ফুলে-ফেঁপে ওঠা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দুর্নীতিবাজরা তাঁর কাছ থেকে আশ্রয়-প্রশ্রয় (প্রোটেকশন) পাবেন না। তবে, যে যে পত্রিকা সংবাদ ছেপেছে আর যাঁর বিরুদ্ধে ছেপেছে, বিষয়টি তাঁকেই মোকাবিলা করতে হবে। দুর্নীতি দমন কমিশন স্বাধীন। তারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। তবে তিনি এ-ও বলেন, দেশের পাঁচ কোটি নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত হয়েছেন। গড় মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে এক হাজার ৪৪ ডলার হয়েছে। সবারই আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।

নতুন সরকারের বৈদেশিক নীতি কী হবে, একজন বিদেশি সাংবাদিক জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, তাঁর নীতি খুব পরিষ্কার। তিনি প্রতিবেশী বন্ধু রাষ্ট্রসহ সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও কারও সঙ্গে শত্রুতা নয়—এই নীতিতে অটল থাকবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বিনা মূল্যে বই বিতরণ, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে তাঁর সরকারের ভূমিকা, অর্থনৈতিক খাতে উন্নতির নানা দিক তুলে ধরেন।