জাতীয় ঐক্য চাইলে ‘ভুয়া’ জন্মদিন পালন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘যারা শোকের মাসে জাতির জনকের রক্তের ওপর দাঁড়িয়ে ভুয়া জন্মদিন পালন করে, তারা জাতীয় ঐক্য করতে চায় না বরং নতুন সমস্যার সৃষ্টি করতে চায়।’
ধানমন্ডি ৩২-নম্বর সড়কে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে সকাল আটটায় ধানমন্ডিতে আবাহনী ক্রীড়া কমপ্লেক্সে শেখ কামালের প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল নয়টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে দলের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়ার অনুষ্ঠান হয়। এ ছাড়া সংবাদচিত্র প্রদর্শনীসহ দেশের বিভিন্ন স্থানে শেখ কামালের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।
ধানমন্ডি-৩২ নম্বরে আয়োজিত এক আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদকে যারা প্রশ্রয় দিয়ে এ দেশে প্রতিষ্ঠিত করেছে, তারা উগ্রবাদ নিরসনের নামে ঐক্য করতে চায় এটা বড়ই হাস্যকর। আমি বলব, আপনি যদি ঐক্য চান, তাহলে শোকের মাসে ভুয়া জন্মদিন পালন থেকে বিরত থাকুন, তারপর ভেবে দেখব।’
জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারদলীয় নেতা-কর্মীদের ব্যানার, পোস্টার ও বিলবোর্ডের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শোকের মাসেও নেতা হওয়ার পলিসি করেন? ব্যানার-পোস্টার দিয়ে নেতা হওয়া যায় না।’