ঐক্যফ্রন্ট প্রার্থীর পাশে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহীনুর পাশা
শাহীনুর পাশা

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর প্রচারণায় বিএনপির নেতা-কর্মীদের মাঠে পাওয়া যাচ্ছে না। উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার ১৫ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। গ্রেপ্তার আতঙ্কের কারণে দলের সাধারণ সম্পাদক কবির আহমদ তিন মাস ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই আতঙ্কের কারণে বিএনপির অন্য নেতা-কর্মীরাও মাঠে নামছেন না।

বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলেন, এবার নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী দেওয়ার দাবি জানান তাঁরা। শেষ পর্যন্ত জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে বিএনপির বিবদমান দুটি পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করেন ঐক্যফ্রন্টের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী। এরপর থেকে উপজেলা বিএনপির সভাপতি ছাদ মাস্টারের বলয়ের নেতা-কর্মীরা সক্রিয় হয়ে মাঠে নামেন।

ছাদ মাস্টার ও যুবদলের নেতা রাসেল বক্সকে গ্রেপ্তারের পর থেকে এই বলয়ের নেতা-কর্মীরা আতঙ্কে নীরব হয়ে যান। অপর দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার মিয়ার বলয়ের নেতা-কর্মীদের এখন পর্যন্ত প্রকাশ্যে মাঠে দেখা যাচ্ছে না।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার মিয়ার বলয়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পছন্দের প্রার্থী না থাকায় এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে কেউ না থাকায় আমরা প্রচারণায় নামছি না।’জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতা আবদুল হাশিম বলেন, গ্রেপ্তার আতঙ্কে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করতে পারছেন না। তিনি বলেন, ‘আমাদের দুই নেতাকে গ্রেপ্তার ও কয়েক নেতা-কর্মীর বাসায় গিয়ে পুলিশ হয়রানি করায় আমরা আতঙ্কে আছি।’

মনোনয়নবঞ্চিত বিএনপির নেতা এম এ মালেক খান বলেন, বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ঐক্যফ্রন্টের প্রার্থীর সুসম্পর্ক না থাকায় এবং পুলিশের হয়রানির আতঙ্কে নেতা-কর্মীরা মাঠে থাকতে পারছেন না।

শাহীনুর পাশা চৌধুরী বলেন, ‘পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।’ গ্রেপ্তার হয়রানি বন্ধ না করলে নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।