ঐক্যফ্রন্টের প্রার্থী নিয়ে ছন্নছাড়া বিএনপি

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর পাশে নেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশিত প্রার্থী মনোনয়ন না পাওয়ায় সবাই এখন ছন্নছাড়া। যে কারণে ঐক্যফ্রন্টের প্রার্থী ও খেলাফত মজলিসের নেতা আবদুল বাছিত আজাদ অনেকটা একা।
তাই বলে আওয়ামী লীগের প্রার্থী একতরফা সুবিধা নেবেন, সেই সুযোগটি নেই এ আসনে। মহাজোট সমঝোতায় না পৌঁছায় এখানে আছে জাতীয় পার্টির প্রার্থীও।
হবিগঞ্জ-২ আসন বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। দলীয় নেতাকর্মীরা বলছেন, প্রত্যন্ত ভাটি এ এলাকায় বিএনপির সাংগঠনিক তৎপরতা বেশ ভালো। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বানিয়াচংয়ের বাসিন্দা আবু মনসুর সাখাওয়াত হাসান (জীবন) দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছেন। তিনি ২০০৮ সালে এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। এবারও তিনি দল থেকে মনোনয়ন পান। কিন্তু গত ৮ ডিসেম্বর এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী দেওয়া হয় বানিয়াচং উপজেলা খেলাফত মজলিসের নেতা আবদুল বাছিত আজাদকে।
এরপর থেকে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোন আগ্রহ নেই নির্বাচন নিয়ে। প্রার্থিতা ঘোষণার পর থেকে বিএনপির নেতাকর্মীদের ঐক্যফ্রন্টের এ প্রার্থীকে নিয়ে কোন নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি। এ নিয়ে এ দুই উপজেলায় চলছে আলোচনা-সমালোচনা।
আবদুল বাছিত আজাদ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে রাখার চেষ্টা করছেন। গত রোববার তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু মনসুর সাখাওয়াত হাসানের সঙ্গে দেখা করেন তাঁর বানিয়াচংয়ের বাড়িতে। এ সময় তিনি এ নেতার সার্বিক সহযোগিতা চান নির্বাচনে। এর উত্তরে সাখাওয়াত হাসান সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে জানান, এবার তিনি নিজে নির্বাচন না করলেও সিলেটের ১৯ আসনে দলের নির্বাচনী কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। এ কারণে হয়তো বেশি সময় দিতে পারবেন না হবিগঞ্জ-২ আসনে। তবে মাঝেমধ্যে এলাকায় আসার চেষ্টা করবেন তিনি।
ঐক্যফ্রন্টের প্রার্থীর পাশে না থাকার বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গোলাম ফারুক বলেন, আবু মনসুর সাখাওয়াত হাসান টানা ১২ বছর ধরে এলাকায় কাজ করে আসছেন। তাঁর বিজয় অনেকটা চূড়ান্ত ছিল এবার। কিন্তু কেন্দ্রীয় নেতারা এ আসনের অতীত রেকর্ড মূল্যায়ন করতে গিয়ে একজন যোগ্য লোককে প্রার্থী দেননি। যে কারণে নেতাকর্মীদের মন ভালো নেই। তার পরও যাঁকে প্রার্থিতা দেওয়া হয়েছে তাঁর পাশে থাকবেন বিএনপির নেতাকর্মীরা। কারণ আমাদের ধানের শীষ ছাড়া আর কোথাও যাওয়ার সুযোগ নেই।
প্রায় একই কথা বলেন বানিয়াচং উপজেলা বিএনপির আহবায়ক মজিবুল হোসেইন মারুফ। তিনি বলেন, নেতাকর্মীরা হতাশ। তবে আমরা বর্তমান প্রার্থীর জন্য কাজ করব। পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আজ মঙ্গলবার থেকে কাজ শুরু করবে।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল বাছিত আজাদ প্রথম আলোর কাছে স্বীকার করেছেন, তাঁর ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির নেতাকর্মীরা ছন্নছাড়া। তবে এ নিয়ে নিজেদের মধ্যে আলাপ–আলোচনা চলছে। তিনি আশা করেন, সব ঠিকঠাক হয়ে যাবে। সবাই একসঙ্গে কাজ করবেন বলে তাঁর বিশ্বাস।
তবে ঐক্যফ্রন্টের দুর্বলতার সুযোগ নিতে পারছে না আওয়ামী লীগ। এ আসনে মহাজোট সমঝোতায় না পৌঁছানোয় এখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, উভয় দলের প্রার্থী রয়েছে। এখানে জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল। তিনি নিজেকে সংখ্যালঘুদের প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন। কারণ এ আসনে সংখ্যালঘু ভোট প্রায় ৮৭ হাজার। যে কারণে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মজিদ খান চিন্তামুক্ত নন।