
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের শক্তি। যারা আওয়ামী লীগকে শেষ করতে এসেছিল, তারাই শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা আছি, আমরা থাকব। আমাদের আদর্শ জনগণ নিয়ে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সে প্রতিজ্ঞা নিয়ে।’
আজ শনিবার দুপুরে গাজীপুর জেলা শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে দলের তৃণমূল নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাজেদা চৌধুরী এসব কথা বলেন।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সাংসদ সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আখতার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্যাহ খান প্রমুখ।
সাজেদা বলেন, ‘আমরা ধর্মকে রাজনীতিতে আনতে চাই না। ধর্মকে রাজনীতিতে এনে ধর্মকে কলুষিত করতে চাই না।’ তিনি বলেন, ‘সেনাবাহিনী আছে তাদের কাজে, তারা দেশ রক্ষা করবে। তাদের সহযোগিতা করব আমরা। তারা আমাদের নেতা হয়ে বসবে, এই পরিকল্পনা আমাদের নাই। যাঁরা করেছেন, তাঁরা আজ কোথায়? নামও নাই, নিশানাও নাই।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন সাজেদা চৌধুরী।