ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ তাজুল দিবসের অলোচনা সভায় শ্রমিক নেতারা বলেছেন, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব না। গতকাল রোববার বিকেলে বাংলদেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রে (টিইউসি) শহীদ তাজুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন। রাজধানীর তোপখানা রোডের নিজ কার্যালয়ে টিইউসি এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানের ও আয়োজন সংগঠনের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতি রেখে শ্রমিকের মজুরি বাড়েনি। আগে নিম্ন মজুরি দিয়ে পাঁচ মণ চাল কেনা যেত। বর্তমানের নিম্ন মজুরি দিয়ে দুই মণ চাল কেনা যায় না। অনেক ক্ষেত্রে শ্রমিকেরা নিম্ন মজুরিও পায় না। আইএলও কনভেনশন অনুসারে ট্রেড ইউনিয়ন করার অধিকারও প্রতিষ্ঠিত হয়নি। শহীদ তাজুল শ্রমিকদের এসব অধিকার প্রতিষ্ঠার জন্যই ব্যক্তিগত সুখ-শান্তি উপেক্ষা করেছিলেন। জীবন উৎসর্গ করেছিলেন।
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আবু জাফর বলেন, শহীদ তাজুল ইসলাম ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও নিজের জীবন গড়ার স্বপ্ন না দেখে শ্রমজীবী মানুষের মুক্তির জন্য আমৃত্যু কাজ করছেন। আদমজী পাটকলে বদলি শ্রমিক হিসেবে কাজ করেছেন। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। লড়াকু সংগঠক হিসেবে শ্রমিকদের সংগঠিত করেছেন। স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে তিনি শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ধর্মঘটে নেতৃত্ব দিতে গিয়ে আদমজীতে ১৯৮৪ সালের ১ মার্চ স্বৈরাচারের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় নিহত হন।
একাধিক আলোচক বলেন, একদিকে পতিত স্বৈরশাসকদের জোট, অন্যদিকে রাজাকারদের জোট। একদিকে গুপ্তহত্যা, অন্যদিকে পেট্রলবোমা মেরে সাধারণ মানুষ খুন। শ্রমজীবী মানুষ পথে নামতে পারছে না। মিল-কারখানায় কাজে যেতে পারছে না। এই পরিস্থিতিতে তাজুলের মতো নিঃস্বার্থ ও বলিষ্ঠ সংগঠকের প্রয়োজন আরও বেড়েছে।
সভায় টিইউসির সহসভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম, ঢাকা মহানগর সম্পাদক আসলাম খান, ট্যানারি শ্রমিক ইউনিয়নের নেতা আকরাম হোসেন, নির্মাণশ্রমিক নেতা আবদুল রাজ্জাক, নারী শ্রমিক নেত্রী সায়েরা খাতুন, রেল শ্রমিক নেতা মো. মূসা, ওয়াসা ইউনিয়ন নেতা জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন। অনুষ্ঠানের শুরুতেই শহীদ তাজুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।