ঐক্যবদ্ধ আন্দোলনে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার একই সময়ে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে। এতে এক পক্ষ অপর পক্ষের দিকে মাইক তাক করে রাখে। মাত্র ২০০ গজের ব্যবধানে দুই পক্ষের পাল্টাপাল্টি অনুষ্ঠান নিয়ে নগরবাসীর মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।
এ পরিস্থিতিতে ঈদুল আজহার পর কুমিল্লায় বিএনপির নেতা-কর্মীদের এককাট্টা হয়ে আন্দোলনে নামার পরিকল্পনা ভেস্তে গেছে বলে দলের নেতা-কর্মীরা মনে করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, টানা ৬০ ঘণ্টার হরতালে সারা দেশে নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে গতকাল বেলা তিনটায় কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনের সড়কে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হকের (সাক্কু) নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি সফিকুর রহমান, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা।
সমাবেশে মনিরুল হক চৌধুরী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর নাম উল্লেখ করে বলেন, ‘আপনার দায়িত্ব বিএনপিকে ঐক্যবদ্ধ করে রাখা। গত দুই বছরে মহানগর কমিটি কেন হয় না, তা দলীয় নেতা-কর্মীরা জানতে চান। কুমিল্লায় ১৮-দলীয় জোটের সংগ্রাম কমিটি হবে আর সাক্কু (মেয়র) জানবে না, এটা কিসের কমিটি? ওই কমিটি আমরা মানি না। গত সাড়ে চার বছরে অনেক সহ্য করেছি আর করব না।’ সমাবেশে মেয়র মনিরুল হক বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়। প্রয়োজনে আমি মেয়র পদ ছেড়ে দেব, তবু দলের জন্য রাজপথে কাজ করব।’
একই সময়ে কান্দিরপাড়ের টাউন হল মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক যোগদান অনুষ্ঠান হয়। কুমিল্লা সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম খান ওই অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ও দলের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি বেগম রাবেয়া চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ (ইয়াছিন)।
এর আগে বেলা ১১টায় নগরের কান্দিরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন দলের সাধারণ সম্পাদক আমিন উর রশিদ।
সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া, শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
একই সময়ে একই এলাকায় বিএনপির দুই পক্ষের অনুষ্ঠান প্রসঙ্গে বেগম রাবেয়া চৌধুরী বলেন, ‘যোগদান অনুষ্ঠানটি ছিল টাউন হলের ভেতরে। বিক্ষোভ সমাবেশ ছিল দলীয় কার্যালয়ে। এতে কোনো সমস্যা হয়নি।’