১৪ দল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও রায় কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করবে। ১৪ দল মনে করে, বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে এ ব্যাপারে মতৈক্য জানানো হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার কোনো রাজনৈতিক দল বা সরকারের বিষয় নয়, এটি একটি জাতীয় ইস্যু। মুক্তিযুদ্ধের সময়ে যারা হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ করেছে তারা যখন বিচারাধীন, তখন বিএনপি-জামায়াত জোট নৈরাজ্য সৃষ্টি করে বিচার নস্যাতের চেষ্টা করছে। আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে তাদের ষড়যন্ত্র মোকাবিলা করব।’উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। তিনি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করছেন। খালেদা জিয়ার এ ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে আজকের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি।’ তোফায়েল আহমেদ বলেন, ‘১৪ দল ও অন্য গণতান্ত্রিক প্রগতিশীল স্বাধীনতার পক্ষের শক্তি নিজ নিজ অবস্থানে থেকে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে মাঠে নামবে। আমরা এক দিন ঢাকা মহানগরকে মিছিলের নগরে পরিণত করব। এরপর জেলা-উপজেলা, পাড়া-মহল্লায় মিছিলের কর্মসূচি দেওয়া হবে।’ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র শুরু করেছে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ১৪ দলসহ অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দল ও মহলকে ঐক্যবদ্ধ করে ধারাবাহিক কর্মসূচির মধ্যদিয়ে এ ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া গণতান্ত্রিক পন্থা বাদ দিয়ে বোমাবাজি-ককটেলবাজিতে রাস্তায় নেমেছেন। ১৪ দল এবং এর বাইরে প্রগতিশীল শক্তি মিলে ঐক্যবদ্ধ হয়ে এ বোমাবাজি মোকাবিলা করব।’বৈঠকে শরিক দলের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের হাজি সামাদ, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, ন্যাপের এনামুল হক, আমেনা আহমেদ, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম ও অসিত বরণ রায়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে আরও ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রমুখ।